খবর প্রকাশের প্রতিবাদে কিছু শিক্ষার্থীর বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের কিছু শিক্ষার্থী গতকাল রোববার দুপুরে প্রথম আলোর বিরুদ্ধে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন।বিক্ষোভ মিছিল শেষে ওই শিক্ষার্থীরা কয়েকটি আবাসিক হলে গিয়ে পত্রিকার কিছু কপিতে অগ্নিসংযোগ করেন। তাঁরা ক্যাম্পাসে প্রথম আলো বন্ধুসভার একটি নোটিশ বোর্ড পুড়িয়ে দেন।তবে মিছিল শেষে সমাবেশ করতে গেলে সাধারণ শিক্ষার্থীদের বাধায় তাঁরা পিছু হটেন।গতকাল প্রথম আলোয় ‘শিক্ষক ও কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের ব্যাপক অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।অভিযোগ উঠেছে, কিছুসংখ্যক শিক্ষকের ইন্ধনে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।এদিকে গতকাল অর্ধশতাধিক পাঠক কিছু শিক্ষক-কর্মকর্তার অনিয়ম-দুর্নীতি নিয়ে প্রতিবেদনের জন্য মুঠোফোনে প্রথম আলোর ভূমিকাকে স্বাগত জানান। একাধিক শিক্ষক-কর্মকর্তা, সাবেক ও বর্তমান শিক্ষার্থী মুঠোফোনে বলেন, গুটিকয়েক শিক্ষক, কর্মকর্তার কারণে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। প্রথম আলোর বিরুদ্ধে কিছুসংখ্যক শিক্ষার্থীর বিক্ষোভ মিছিলের ঘটনার নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুম। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কিছু উগ্রপন্থী, মৌলবাদী শিক্ষার্থী আবেগকে কাজে লাগিয়ে প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের নিয়ে এ ঘটনা ঘটাতে পারে।’ তিনি দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।দাবি: পুরকৌশল বিভাগের অধ্যাপক খসরু মিয়া, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ও টেক্সটাইল কৌশল বিভাগের প্রধান খালেদ খলিল, যানবাহন কর্মকর্তা মঈনুল ইসলাম, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) আবুল হাসেম প্রকাশিত প্রতিবেদনে তাঁদের ব্যাপারে যা লেখা হয়েছে, তা সঠিক নয় বলে দাবি করেছেন।