খবরখাদ্য যাচ্ছে চট্টগ্রামে

ঢাকায় শেষ হলো। খবরখাদ্য এখন যাচ্ছে চট্টগ্রামে। জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনকক্ষে গতকাল শুক্রবার খবরখাদ্য প্রদর্শনীর সমাপনী দিনে বিকেল থেকে প্রচুর দর্শক সমাগম ঘটেছিল। প্রথম আলোর ১৫ বছর পূর্তি উপলক্ষে শিল্পী ওয়াকিলুর রহমানের এই দৃশ্যশিল্প প্রদর্শনী শুরু হয়েছিল ৯ নভেম্বর।
গত দুই সপ্তাহ এই ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ঢাকার কলানুরাগী দর্শক ও শিল্পীদের মধ্যে বিপুল আগ্রহ জাগিয়েছিল। শিল্পী ১৪টি প্রজেক্টর ব্যবহার করে প্রদর্শনকক্ষের দেয়াল, মেঝে ও ছাদে গত ১৫ বছরের প্রথম আলোয় প্রকাশিত ও আর্কাইভে সংগৃহীত অপ্রকাশিত বহু ছবি, সংবাদ শিরোনাম ও লেখনীর নিরন্তর প্রবাহ সৃষ্টি করেন। তার সঙ্গে যুক্ত হয়েছিল শব্দ ও আলো-ছায়ার মনোরম দ্বন্দ্ব। খবরকে খাদ্যের সঙ্গে তুলনা করে শিল্পী দেখিয়েছেন আধুনিক মানুষের প্রাত্যহিক জীবনে খবরের অনিবার্যতা। একই সঙ্গে এসেছে খবর সংগ্রহ থেকে ছেপে পাঠকের হাতে পৌঁছানো পর্যন্ত একটি সংবাদপত্রের কতগুলো ধাপ পেরিয়ে আসতে হয়, সেসবও।
প্রদর্শনীটি ভিন্নতর মাত্রা লাভ করেছিল ঢাকা ও চট্টগ্রামের তরুণ শিল্পীদের পারফরম্যান্স আর্টের সংযোজনে। বিভিন্ন বিষয় নিয়ে ১২ জন শিল্পী পারফরম্যান্স আর্ট করেছেন প্রদর্শনীতে।
খবরখাদ্য যাচ্ছে চট্টগ্রামে: এবার খবরখাদ্য প্রদর্শনীটি যাচ্ছে চট্টগ্রামে। আগামী শুক্রবার ২৯ নভেম্বর বেলা ১১টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমীর প্রদর্শনকক্ষে সুধীদের নিয়ে প্রদর্শনীর দ্বার খোলা হবে। কোনো আনুষ্ঠানিক উদ্বোধন থাকবে না। প্রদর্শনী চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।