খবরখাদ্য শুরু আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াকিলুর রহমান
ওয়াকিলুর রহমান

‘খবরখাদ্য’ শুরু হচ্ছে আজ শনিবার থেকে। জঠরজ্বালা নেভানোর জন্য যেমন খাদ্য ছাড়া চলে না, তেমনি আধুনিক মানুষের জীবনও দৈনন্দিন খবরাখবর ছাড়া অচল। খবরকে তাই খাদ্যের সঙ্গে তুলনা করে প্রথম আলোর ১৫ বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ দৃশ্যশিল্প সৃজন করেছেন শিল্পী ওয়াকিলুর রহমান। আজ শনিবার থেকে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনকক্ষে শুরু হচ্ছে এই প্রদর্শনী।

বেলা তিনটায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনের পর সন্ধ্যায় থাকবে শিল্পী ইয়াসমীন জাহানের পারফরম্যান্স আর্ট। শনিবার থেকে বুধবার প্রদর্শনী খোলা থাকবে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত, শুক্রবার বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত। বৃহস্পতিবার বন্ধ। প্রদর্শনী চলবে ২২ নভেম্বর পর্যন্ত।

প্রথম আলোর ১০ বছর পূর্তি উপলক্ষে ২০০৯ সালে ‘কাগজের ছায়া’ নামে শিল্পী ঢালী আল মামুন ও ওয়াকিলুর রহমানের একটি যৌথ স্থাপনা শিল্পকর্ম প্রদর্শনী হয়েছিল জাতীয় জাদুঘরে। এরই ধারাবাহিকতায় এবার ১৫ বছর পূর্তি উপলক্ষে ওয়াকিলুর রহমানের এই প্রদর্শনীটি হচ্ছে প্রথম আলোর আয়োজনে। শিল্পী  য়াকিলুর রহমান জানান, প্রদর্শনীটি করা হয়েছে প্রথম আলোর গত ১৫ বছরের আর্কাইভস থেকে সংগ্রহ করা বিভিন্ন উপকরণ দিয়ে। পাঠকেরা প্রতিদিন সকালে একটি ছাপা কাগজ হাতে পান। কিন্তু এই কাগজটি তৈরি করতে এর পেছনে যে বিশাল কর্মযজ্ঞ চলে, সেটা পাঠকদের অজ্ঞাতই থেকে যায়।

প্রতিদিন সংবাদপত্র অফিসে অসংখ্য খবর আসে, আসে প্রচুর ছবি। সেখান থেকে যাচাই-বাছাই, সম্পাদনা করে প্রতিদিনের কাগজটি সাজানো হয়। ফলে অনেক খবর, অনেক ছবি বাইরে থেকে যায়। এরপর রয়েছে গ্রাফিকস, পত্রিকা ছাপা, বিলিবণ্টন—এসব নানা ধরনের কাজ। এসবই উঠে আসবে এই দৃশ্যশিল্পটিতে। শিল্পী জানান, ১৪টি আলাদা বিষয় থাকবে। এগুলো ১৪টি প্রজেক্টরের মাধ্যমে সারা মিলনায়তনে দেখানো হবে। দর্শকেরা যখন ভেতরে প্রবেশ করবেন, তখন তাঁরা নিজেরাও এই শিল্পকর্মের অংশ হয়ে যাবেন; এভাইে এর পরিকল্পনা করা হয়েছে।

এ ছাড়া প্রদর্শনীকক্ষে থাকবে পারফরম্যান্স আর্ট। এতে অংশ নেবেন প্রিমা নাজিয়া আন্দালিব, রীতু এ সাত্তার, কেহ্কাশা সাবাহ্, সুমনা আক্তার, আফসানা শারমিন, ইয়াসমীন জাহান, পলাশ ভট্টাচার্য, স্বাধীন কামরুজ্জামান, ফারাহ নাজ, অপরাজিতা সুমি, সঞ্জয় চক্রবর্তী, নিলয় হোসেন ও শারদ দাস। বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এই পারফরম্যান্স আর্ট অনুষ্ঠিত হবে।