১৫ ফেব্রুয়ারি প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় প্রকাশিত ‘একজনের কারণে ঝুঁকিগ্রস্ত এনআরবিসি ব্যাংক’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ করেছে এনআরবিসি ব্যাংক।
ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা হায়দার আখলাক স্বাক্ষরিত গত বুধবার পাঠানো প্রতিবাদপত্রে বলা হয়েছে, প্রতিবেদনটি একপেশে, অসংগতিপূর্ণ, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিমূলক। একই ব্যাংকের একই প্রতিবাদ গতকাল বৃহস্পতিবার আবার পাঠিয়েছেন মার্কেন্টাইল ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা আবদুল হামিদ।
প্রতিবাদপত্রে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের যেসব প্রতিবেদনের বরাত দিয়ে এটি করা হয়েছে, সেগুলো এনআরবিসি ব্যাংকের কাছে হস্তান্তর করা হয়নি। অনিয়মের কোনো অভিযোগ এলে বাংলাদেশ ব্যাংক প্রথমেই সংশ্লিষ্ট ব্যাংকের কাছে পাঠায়, ব্যাংক যাতে অনিয়মের সংশোধন করতে পারে। সুতরাং প্রতিবেদনের সত্যতা প্রশ্নবিদ্ধ।
ব্যাংকের পাঁচ পরিচালক সম্পর্কে প্রতিবেদনের তথ্য সত্য নয় উল্লেখ করে প্রতিবাদপত্রে বলা হয়, আবু মোহাম্মদ তুষার ইকবাল রহমান ও ফিরোজ হায়দার খানের বিরুদ্ধে বেনামে ঋণ নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে তাঁরা পদত্যাগ করেন। তমাল এস এম পারভেজ, মোহাম্মদ আদনান ইমাম ও রফিকুল ইসলাম মিয়া আরজুর বিরুদ্ধে বেনামে ঋণ গ্রহণ, বৈদেশিক মুদ্রার সন্দেহজনক লেনদেন, অবৈধ অস্ত্র নিয়ে ব্যাংকের পর্ষদ সভায় প্রবেশ করাসহ গুরুতর অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে তাঁদের পদ শূন্য হয়ে যায়। তাঁদের বিরুদ্ধে একটি তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে, যা বিচারাধীন।
শহীদুল আহসান সম্পর্কে প্রতিবাদপত্রে বলা হয়, তিনি এনআরবিসি ব্যাংকের একজন গ্রাহক। নিয়ম মেনেই তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রকল্পে ঋণ দেওয়া হয়েছে, কম মূল্যের জামানতের অভিযোগটি ঠিক নয়। তাঁর বেনামে শেয়ার ধারণ সম্পর্কে বাংলাদেশ ব্যাংক বা নিয়ন্ত্রণ সংস্থা থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। কামরুন নাহারের শেয়ারও হস্তান্তরিত হয়নি।
প্রতিবাদপত্রে বলা হয়েছে, ব্যাংক ইলেকট্রনিক মিডিয়ায় বিজ্ঞাপন দিতেই পারে। ডিবিসি টিভি চ্যানেলে বছরে ৩ কোটি ১০ লাখ টাকার বিজ্ঞাপন দেওয়ার চুক্তি হওয়া এবং বিজ্ঞাপন বাবদ মাসে ২২ লাখ ৫০ হাজার টাকা দেওয়ার কথাটি অসত্য ও ভিত্তিহীন এবং যে টাকার কথা বলা হয়েছে, তা অতিরঞ্জিত।
বর্তমানে বাংলাদেশ ব্যাংকের একজন প্রতিনিধি নিয়মিত প্রতিটি সভায় উপস্থিত থেকে ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। এমতাবস্থায় তাঁর অজ্ঞাতসারে বাংলাদেশ ব্যাংকের বরাত দিয়ে প্রকাশিত সংবাদ জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে।
প্রতিবেদকের বক্তব্য
প্রতিবেদনটি তৈরি করা হয়েছে প্রধানত বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে। এনআরবিসি ব্যাংকের ওপর একপেশে, অসংগতিপূর্ণ, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিমূলক প্রতিবেদন কি তাহলে বাংলাদেশ ব্যাংকই করেছে? বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে যেসব অনিয়ম চিহ্নিত হয়েছে, প্রথম আলোর প্রতিবেদন তৈরির জন্য সেগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিদের বক্তব্য নেওয়া হয়েছে, যা প্রকাশিত প্রতিবেদনে রয়েছে। কামরুন নাহারের শেয়ার হস্তান্তরিত হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনের কোথাও বলা হয়নি। বলা হয়েছে, এনআরবিসি ব্যাংকের পর্ষদে হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে, যা বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনেও বলা হয়েছে। পদ ফিরে পেতে পাঁচ পরিচালকের মধ্যে তিনজন এনআরবিসি ব্যাংকের সঙ্গে আইনি লড়াই করছেন। আর বিজ্ঞাপন বিষয়ে ডিবিসির আবেদন ও এনআরবিসি ব্যাংকের অনুমোদনপত্রে যে টাকার পরিমাণ উল্লেখ রয়েছে, প্রতিবেদনে তা-ই প্রকাশ করা হয়েছে।
বেআইনিভাবে এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান হওয়ায় ফরাসত আলীকে কেন অপসারণ করার নির্দেশনা দেওয়া হবে না, জানতে চেয়ে ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে রুল জারি করেছেন আদালত। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব চাওয়া হয়।