‘লোক ডেকে মানববন্ধন, টাকা দেওয়ার সময় হাতাহাতি মারামারি’
খবরের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
২৩ অক্টোবর দৈনিক প্রথম আলোয় ‘লোক ডেকে মানববন্ধন, টাকা দেওয়ার সময় হাতাহাতি মারামারি’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জাতীয় মহিলা পার্টির সিলেট জেলা শাখার সভানেত্রী শিউলি আক্তার ও সাংগঠনিক সম্পাদক নাহিদা আক্তার চৌধুরী। তাঁরা বলেন, ‘জাতীয় সংবাদপত্র পাঠক-ফোরাম’ সিলেট নগরের শহীদ মিনারের সামনে মানববন্ধনের আয়োজন করে। এতে নেতা-কর্মীদের নিয়ে তাঁরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কর্মসূচি শেষ হওয়ার প্রায় আধা ঘণ্টা পর নগরের চৌহাট্টা এলাকার ট্রাস্ট ব্যাংকের সামনে দলীয় বিষয় নিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করে প্রথম আলোয় সংবাদ উপস্থাপন করা হয়েছে। প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে, মানববন্ধন শেষে খাবার ও টাকা ভাগাভাগি নিয়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। বাস্তবে এখানে টাকা, খাবার বা মানববন্ধনের কোনো ইস্যু নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ রকম কাল্পনিক ও অসত্য তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করে সিলেটে জাতীয় মহিলা পার্টির শক্তিশালী অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হয়েছে। এ ছাড়া সংবাদে জাতীয় মহিলা পার্টির যে বক্তব্য ছাপা হয়েছে, তাও বিকৃত করা হয়েছে।প্রতিবেদকের বক্তব্য: প্রথম আলোর খবরে কারও বক্তব্য খণ্ডিত বা বিকৃতভাবে প্রকাশ করা হয়নি। প্রাসঙ্গিক বক্তব্য উদ্ধৃত করা হয়েছে হুবহু। এ-সংক্রান্ত বক্তব্য প্রথম আলোর কাছে রেকর্ড করা আছে।মানববন্ধন শেষে হাতাহাতি আর মারামারির ঘটনার সূত্রপাত হয়েছে খাবার বিতরণ ও টাকা নিয়ে। বিভিন্ন প্রত্যক্ষদর্শীসহ ঘটনার ভেতরে থাকা একাধিক সূত্রের সঙ্গে কথা বলে প্রতিবেদনেও ওই বিষয়টি উপস্থাপন করা হয়েছে। এ ছাড়া ঘটনার সময় তোলা ছবিতেও (প্রথম আলোয় প্রকাশিত) এর প্রমাণ মেলে। শুধু তা-ই নয়, মারামারির ঘটনায় জাতীয় পার্টির নেত্রী শিউলি আক্তার (সংবাদের প্রতিবাদকারী) নিজে আহত হয়ে প্রথমে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এ ছাড়া টাকা ভাগাভাগি নিয়ে মারামারি ও হাতাহাতির এ খবর ২৩ অক্টোবর সিলেটের বিভিন্ন স্থানীয় দৈনিকেও ছবিসহ প্রকাশিত হয়েছে।