গত ১৭ অক্টোবর প্রথম আলোয় প্রকাশিত ‘বনভূমি দখলের পক্ষে পাঁচ মন্ত্রীর সুপারিশ: ২৭ একর বনভূমির মালিকানা দাবি আট আওয়ামী লীগ নেতার’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ পাঠিয়েছেন আওয়ামী লীগের নেতা মো. ফয়েজ উদ্দিন মিয়া ও মো. আবদুল হাকিম।
প্রতিবাদে তাঁরা বলেন, ১৯৫৩ সালের ১৫ ডিসেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের পক্ষে বন বিভাগ চারা উৎপাদন করতে ৫০ বছরের জন্য ভূমি মালিকের কাছ থেকে ওই ২৭ একর জমি ইজারা নেয়। ২০০৩ সালের ১৫ ডিসেম্বর ওই ইজারার মেয়াদ অতিক্রম করেছে। ইতিমধ্যে সরকার ও বন বিভাগ ওই জমির ইজারা দেয়নি বা নেয়নি। সম্পত্তিটি জনৈক তঞ্জব আলীর নামে শুদ্ধভাবে এসএ ও আরএস রেকর্ড প্রস্তুত হয়েছে। বন বিভাগ এখনো ওই সম্পত্তিতে চারা উৎপাদন করেনি এবং বন বিভাগের কোনো গাছও সেখানে নেই।
আওয়ামী লীগের দুই নেতার দাবি, তঞ্জব আলীর ওয়ারিশ সাহেরা মনোনীত আমমোক্তার ডা. এমদাদুল হকের কাছ থেকে মাত্র দশমিক ১০ শতাংশ সম্পত্তি কিনে তাঁরা ভোগদখল করছেন। বন বিভাগ অবৈধভাবে সম্পত্তি ভোগদখলে বাধা সৃষ্টি করছে উল্লেখ করে তাঁরা বলেন, ১০ শতাংশ জমি কেনা ছাড়া কোনো জমি তাঁরা বিক্রি করেননি।
প্রতিবাদে বলা হয়, আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে ভোগদখলের জন্য প্রধান বন সংরক্ষকের কাছে আবেদন করেছেন এবং ওই আবেদনপত্রে পাঁচ মন্ত্রী সুপারিশ করেছেন। বন বিভাগ যাতে তাঁদের হয়রানি না করে, সে জন্য অনুরোধ করেছেন।
প্রতিবাদপত্রে বলা হয়, বন বিভাগ বারবার অবৈধভাবে জমিতে উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ায় আদালতে মামলা করা হয়। এ মামলার শুনানির পর আদালত কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা ও কাশিমপুর বিট কর্মকর্তার বিরুদ্ধে সমন জারি করেছেন।
প্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনের প্রতিটি তথ্য বন বিভাগের প্রতিবেদন এবং ওই জমির সরকারি রেকর্ড থেকে নেওয়া। গাজীপুরের কোনাবাড়ীর সিএস দাগ ১৫৫ ও ১৬০ নম্বরের অন্তর্ভুক্ত ওই জমির রেকর্ড পর্যালোচনা করে দেখা গেছে, ১৯৫০ সালের আগে জমিটির মালিক ছিলেন ভারত সম্রাটের পক্ষে জমিদার সারদা প্রসাদ চৌধুরী। ১৯৫০ সালের প্রজাস্বত্ব আইন ও ১৯৪৯ সালের পূর্ববঙ্গীয় প্রাইভেট ফরেস্ট অ্যাক্ট অনুসারে ১৯৫৫ সালে জমিটি বন বিভাগের হাতে ন্যস্ত করা হয়। আরএস পর্চায় জমিটির প্রকৃতি হিসেবে গজারীগড় বা গজারীবন হিসেবে উল্লেখ করা হয়েছে। ১৯৫৬ সালে সরকার ওই জমিটি অধিগ্রহণ করে বন বিভাগকে বনায়নের দায়িত্ব দেয়।
সাদা কাগজে লেখা প্রতিবাদপত্রে ফয়েজ উদ্দিন মিয়া ও আবদুল হাকিম তাঁদের স্বাক্ষরের পাশে লিখেছেন, ১০ শতাংশ ক্রয়সূত্রে জমির মালিক। আর প্রতিবাদপত্রের ১১ নম্বর সারিতে লিখেছেন, ডা. এমদাদুল হকের কাছ থেকে তাঁরা দশমিক ১০ শতাংশ জমি কিনেছেন। আবার ১২ নম্বর সারিতে লিখেছেন তাঁরা ১০ শতাংশ জমি কিনেছেন।
ফয়েজ ও হাকিম গত বছরের ১৬ সেপ্টেম্বর তৎকালীন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদের কাছে ওই জমির ব্যাপারে যে চিঠি দেন, তাতে তাঁরা ২৭ দশমিক ৪০ অযুতাংশ জমির মালিক হিসেবে নিজেদের দাবি করেন। সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ এবং স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের ছেলে তানভীর শাকিল প্রধান বন সংরক্ষকের কাছে ওই দুই আওয়ামী লীগ নেতার পক্ষে যে সুপারিশ লেখেন, তাতে তিনি জমির পরিমাণ উল্লেখ করেন ২৭ দশমিক ৪০ শতাংশ।
বন বিভাগ ওই দাগে জমির পরিমাণ ২৭ দশমিক ৪০ একর উল্লেখ করেছে। জমির পরিমাণ সম্পর্কে তথ্যের অসংগতির কারণে সরকারি সংস্থা বন বিভাগের তথ্যকেই সঠিক হিসেবে ধরে নেওয়া হয়েছে।