খবিশ বলে দুঃখ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ মহসিন আলী
সৈয়দ মহসিন আলী

সাংবাদিকদের ‘খবিশ’ ও ‘চরিত্রহীন’ বলার এক দিনের মাথায় দুঃখ প্রকাশ করেছেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। গতকাল রোববার এক বিবৃতিতে তিনি বলেছেন, সাংবাদিকদের সম্পর্কে তিনি যেসব মন্তব্য করেছেন তা গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হওয়ায় তিনি ‘কষ্ট বোধ’ করছেন।
গত শনিবার সিলেটে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের প্রতি অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করে বলেন, ‘এরা সবটা খবিশ, চরিত্রহীন! স্বাধীন কমিশন হলে পরে দেখে নেব তোমরা (সাংবাদিকেরা) কতটুকু যেতে পার!’
মন্ত্রীর ওই বক্তব্যের পর সাংবাদিকসহ নানা মহলে সমালোচনার ঝড় ওঠে। কিছুদিন আগে শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে ধূমপান এবং টাঙ্গাইলের যৌনপল্লি উচ্ছেদের বিরোধিতাকারীদের নিয়ে কটূক্তি করেও সমালোচনার মুখে পড়েছিলেন ওই মন্ত্রী।
সাংবাদিকদের চারটি ইউনিয়নই গতকাল রোববার পৃথকভাবে এ ধরনের বক্তব্য দেওয়ায় সমাজকল্যাণমন্ত্রীর কঠোর সমালোচনা করেছে।
সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এক বিবৃতিতে বলেছেন, এ ধরনের বক্তব্য মন্ত্রী দিয়ে থাকলে তাঁকে মন্ত্রিসভায় রাখা উচিত নয়। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীকে জড়িয়ে ওই মন্ত্রী যেসব অগ্রহণযোগ্য তথ্য দিয়েছেন, সে বিষয়ে প্রধানমন্ত্রী সুস্পষ্ট ব্যাখ্যা দেবেন বলে দেশবাসী আশা করে।
সমাজকল্যাণমন্ত্রীর বিবৃতি: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমি কথাগুলি সকল সাংবাদিকদের উদ্দেশে বলিনি। আমি বিশ্বাস করি, সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশায় জড়িত মানুষজন সৎ ও নির্ভীক জীবন যাপন করেন। এই পেশায় সংশ্লিষ্ট অনেক দেশবরেণ্য সাংবাদিক আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু।’
মন্ত্রী নিজের বক্তব্যের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ‘আমার দেওয়া বক্তব্যের শুরুতে মঞ্চে যাবার সময় সামনে উপবিষ্ট কতিপয় সাংবাদিক মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে নিয়ে টিপ্পনী কাটছিল। আমি ওই সব কথা শুনে সইতে না পেরে হঠাৎ কিছুটা রেগে যাই এবং স্থানীয় কতিপয় সাংবাদিকদের উদ্দেশে কিছু কথা রাগত অবস্থায় বলি। আমার বলা কথাগুলো বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার করা হয়, যা দেখে আমি কষ্ট বোধ করছি।’
মন্ত্রী আরও বলেন, ‘আমার বলা কথাগুলো থেকে দেশের সাংবাদিকগণ আহত হয়েছেন দেখে আমি ভীষণভাবে ব্যথিত ও কষ্ট পেয়েছি। আমার অনিচ্ছাকৃতভাবে বলা কথাগুলো থেকে যদি সাংবাদিকগণ দুঃখ পেয়ে থাকেন, আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’ এ বিবৃতির মাধ্যমে সবার সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাংবাদিক সমাবেশ: জাতীয় প্রেসক্লাবের সামনে সরকারবিরোধী বলে পরিচিতি বিএফইউজে ও ডিইউজের একাংশ আয়োজিত সমাবেশ থেকে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী বলেন, এই মন্ত্রীকে ৪৮ ঘণ্টার মধ্যে মন্ত্রিসভা থেকে সরিয়ে ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
ডিইউজের সভাপতি আবদুল হাই শিকদার সমাজকল্যাণমন্ত্রীকে ‘ভারসাম্যহীন’ আখ্যা দিয়ে তাঁকে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর আহ্বান জানান।
বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি এম আবদুল্লাহর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সাংবাদিক নেতারা বিক্ষোভ মিছিল বের করেন।
ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহারের দাবি: সমাজকল্যাণমন্ত্রী যে ভাষায় সাংবাদিকদের আক্রমণ করেছেন, তাঁর কঠোর নিন্দা জানিয়েছে সরকার-সমর্থক বলে পরিচিতি বিএফইউজে ও ডিইউজের একাংশ। গতকাল এক বিবৃতিতে এ দুই সংগঠনের নেতারা বলেন, সাম্প্রতিক সময়ে তিনি ধারাবাহিকভাবে সাংবাদিক সমাজ ও গণমাধ্যমের প্রতি উসকানিমূলক বক্তব্য দিয়েই চলেছেন।
বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ, কুদ্দুস আফ্রাদসহ চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বগুড়া, দিনাজপুর, যশোর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের নেতারা যৌথ বিবৃতিতে এসব কথা বলেন।
মন্ত্রীকে বরখাস্তের দাবি: সিলেট থেকে নিজস্ব প্রতিবেদক জানান, সমাজকল্যাণমন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি করেছেন সিলেটের গণমাধ্যমকর্মীরা। গতকাল বিকেলে সিলেটে কর্মরত সংবাদপত্র ও টেলিভিশন সাংবাদিকদের সম্মিলিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি করা হয়।