খরগোশ, ঘুঘু, শালিক ও কালেম উদ্ধার
বিরল প্রজাতির তিনটি কালোগ্রীব খরগোশসহ ভাতশালিক, তিলাঘুঘু ও কালেম পাখি উদ্ধার করে গতকাল মঙ্গলবার ভাওয়াল জাতীয় উদ্যানে ছেড়ে দিয়েছে বন বিভাগ। রাজশাহী ও টঙ্গী থেকে এগুলো উদ্ধার করা হয়।কালোগ্রীব খরগোশ আমাদের দেশে এখন অতি বিপন্ন প্রজাতির প্রাণী। কেবল পদ্মা ও যমুনার চরের তৃণভূমিতে মাঝেমধ্যে এদের দেখা মেলে। ২৮ অক্টোবর রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের গহমাবনা গ্রামের জেলেরা পদ্মায় মাছ ধরতে গিয়ে চরের কাশবন থেকে তিনটি কালোগ্রীব খরগোশ ধরে আনেন। বন সংরক্ষক তপন কুমার দে জানান, গোপন সূত্রে তিনি এ খবরটি পান। তিনি রাজশাহী সামাজিক বন বিভাগের কর্মকর্তা রবিউল ইসলামকে খরগোশ তিনটি উদ্ধার করার নির্দেশ দেন।খরগোশ তিনটি উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়। খরগোশগুলো অসুস্থ হয়ে পড়েছিল। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলে মঙ্গলবার ভাওয়াল জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া বন বিভাগের রেঞ্জার ফজলুল হক টঙ্গী হাটে অভিযান চালিয়ে বিক্রি করতে আনা ২৫টি তিলাঘুঘু, চারটি ভাতশালিক ও তিনটি কালেম পাখি উদ্ধার করেন। পরে পাখিগুলো ভাওয়াল জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়।