খরচ উঠবে কি না শঙ্কিত কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলু আবাদ মৌসুমের প্রথম দিকে আবহাওয়া কিছুটা খারাপ থাকলেও পরবর্তী সময়ে তা কাটিয়ে ওঠায় এবার শেরপুর জেলায় আলুর বাম্পার ফলন হয়েছে। লেট ব্লাইটসহ অন্য কোনো রোগের প্রাদুর্ভাব না থাকায় কৃষকের আলু আবাদে খরচও অনেকাংশে কম হয়েছে। এর পরও বাজারে আলুর দাম পড়ে যাওয়ায় খরচ উঠবে কি না, এ নিয়ে আলুচাষিরা শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন।একশ্রেণীর মধ্যস্বত্বভোগী কম দামে চাষিদের কাছ থেকে আলু কিনে নিয়ে বিভিন্ন কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ করায় আলুর ন্যায্যমূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন প্রান্তিক আলুচাষিরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় তিন হাজার ৬৪০ হেক্টর জমিতে অ্যাসটেরিক্স, গ্র্যানোলা, ডায়মন্ড, কার্ডিনাল, বিনালা ও ফেলসিনা জাতের আলু চাষ করা হয়েছে। এর মধ্যে ডায়মন্ড জাতের আবাদ হয়েছে বেশি। সূত্র জানায়, শেরপুর জেলার সদর, নকলা ও শ্রীবরদী উপজেলায় আলুর আবাদ বেশি হয়েছে এবং চলতি মৌসুমে প্রায় এক লাখ মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে। বিএডিসির আলু হিমাগার শেরপুরের উপপরিচালক বদরুদ্দীন ভূঁইয়া জানান, এ বছর বীজ আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল এক হাজার ৪০০ মেট্রিক টন। তাঁদের আওতাভুক্ত কৃষকদের কাছ থেকে এক হাজার ৫০০ মেট্রিক টন বীজ আলু সংরক্ষণের জন্য হিমাগারে রাখা হবে। কিন্তু এ বছর ফলন ভালো হওয়ায় অতিরিক্ত উৎপাদিত বীজ আলু বিএডিসির অন্য হিমাগারে রাখার চিন্তাভাবনা করা হচ্ছে।শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আলুচাষি হারুন, আহসান হাবীব, মিন্টু ও আহসান জানান, তাঁরা চারজন সাড়ে ১০ একর জমিতে উন্নত জাতের বীজ আলু চাষ করেছিলেন। আবহাওয়া ভালো থাকায় এবার বাম্পার ফলন হয়েছে। তবে দাম কমে যাওয়ায় উৎপাদনের খরচ উঠবে কি না, এ নিয়ে তাঁরা শঙ্কিত রয়েছেন। খাবার আলুর মণ ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। তাঁরা বলেন, বর্তমানে খেত থেকে পুরোদমে আলু তোলার কাজ চলছে। আলু তোলার কাজ শেষ হয়ে গেলে উৎপাদিত আলুর দাম আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি অধিক পরিমাণে উৎপাদিত আলু সংরক্ষণের জন্য প্রয়োজনীয় হিমাগার না থাকায় আলু সংরক্ষণ নিয়েও জেলার আলুচাষিরা বিপাকে পড়েছেন। শেরপুর জেলায় বিএডিসির আলু হিমাগার ছাড়া বেসরকারি পর্যায়ে মাত্র একটি আলু হিমাগার রয়েছে। গত বছর থেকে এ হিমাগারটির কার্যক্রম শুরু হয়েছে।এ প্রসঙ্গে শেরপুরের একমাত্র বেসরকারি আলু হিমাগারপ্রতিষ্ঠান তাজ কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম জানান, তাঁদের হিমাগারে প্রায় ১২ হাজার মেট্রিক টন আলু সংরক্ষণের ধারণক্ষমতা রয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি থেকে আলু সংরক্ষণের জন্য কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে আলু সংগ্রহ করা শুরু করেছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. বানেজ আলী মিয়া বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার জেলায় আলুর ভালো উৎপাদন হয়েছে। আলুর ন্যায্যমূল্য পেলে ভবিষ্যতে আলু উৎপাদনে চাষিদের আগ্রহ বাড়বে। সেই সঙ্গে আলু সংরক্ষণের জন্য আরও হিমাগার তৈরি করতে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।