খরচ উঠবে কি না হিসাব করে বিদেশে যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুক্তির প্রায় এক বছর হয়ে গেলেও বাংলাদেশ থেকে এখনো কর্মী নেওয়া শুরু করেনি মালয়েশিয়া। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম বলেছেন, চাহিদাপত্র চলে এসেছে। যেকোনো সময়ই লোক যাওয়া শুরু হবে। চলতি বছরেই পাঁচ থেকে সাত লাখ লোক যাবে বলে তাঁর ধারণা। তবে বিদেশে যাওয়ার আসক্তি থেকে বেরিয়ে খরচ উঠবে কি না, সেই হিসাব-নিকাশ করে প্রবাসে যাওয়ার পরামর্শ দেন তিনি।
গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অভিবাসীদের অগ্রন্থিত গল্প: স্বপ্ন ও বাস্তবতা শীর্ষক বই প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। অভিবাসনবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট’ (রামরু) এই প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে শাহ্রিয়ার আলম বলেন, ‘মালয়েশিয়া সব খাতে কর্মী নেবে। এবার কর্মী পাঠানোর প্রক্রিয়া হবে ডিজিটাল। তাদের যত লোক লাগবে, তারা দূতাবাসে চাহিদাপত্র পাঠাবে। প্রত্যেক কর্মীর জন্য আলাদা চুক্তিপত্র হবে। তবে যে যেই কাজে যাবে, তাকে তিন বছর সেই কাজেই থাকতে হবে।’ মালয়েশিয়া নিয়ে ব্যবসায়ীদের সিন্ডিকেটের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘এমন কিছু হবে না।’
দেড় শ অভিবাসীর জীবনকাহিনি নিয়ে রামরু থেকে প্রকাশিত বইটির মোড়ক উন্মোচন করে শাহ্রিয়ার আলম বলেন, ‘অভিবাসীদের যেমন সাফল্য আছে, তেমনি দুঃখও আছে। বর্তমান সরকার অভিবাসী ও তাঁদের পরিবারের কল্যাণের জন্য কাজ করছে। নতুন নতুন বাজার চালুর চেষ্টা চলছে।’
প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত অতিথি হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, ‘অভিবাসীদের সাফল্য-ব্যর্থতা বুঝতে এই বইটি একটি দলিল হয়ে থাকবে। এটি একটি আইনি দলিলও।’
বইয়ের সম্পাদক রামরুর প্রতিষ্ঠাতা চেয়ারপারসন তাসনিম সিদ্দিকী বলেন, ‘আমরা চেয়েছি অভিবাসীদের কথাগুলো তাঁদের কণ্ঠে আসুক। সে কারণেই এই বই। এতে তাঁদের আত্মবিশ্বাসের কথা যেমন আছে, তেমনি আছে হতাশার কথাও।’
অনুষ্ঠানে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সেলিম রেজা, ডিএফআইডির কর্মকর্তা জোয়েল হারডিং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফখরুল আলম, সুমাইয়া খায়ের, সেন্ট্রাল উইমেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পারভীন হাসান প্রমুখ বক্তব্য দেন।