খরচ ওঠা নিয়েই শঙ্কায় তাড়াইলের কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার ও ডিজেলসহ বিভিন্ন কৃষির উপকরণের দাম বাড়ায় চলতি বোরো মৌসুমে কিশোরগঞ্জের তাড়াইলের কৃষকেরা যারপরনাই চিন্তিত। অন্যদিকে ধানের দাম কম হওয়ায় আবাদ করে উৎপাদন খরচ উঠবে কি না তা নিয়েও শঙ্কিত তাঁরা।তাড়াইলের রাউতি চৌরাস্তা বাজারে রাউতি গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আবু তাহের ভূঁইয়া (৫৮) বলেন, ‘এক কাঠা (১০ শতাংশ) জমিতে যন্ত্র দিয়ে হাল চাষে এ মৌসুমে খরচ বেড়েছে ৩০ টাকা, সেচে (ডিজেলচালিত সেচযন্ত্রে) বেড়েছে ১০ টাকা, গিরস্থি কেমনে করবাম?’ তিনি আরও বলেন, এক মণ ধান বিক্রি করে ৮০০ টাকা পাওয়া যায়। আর এক বস্তা সার কিনতে লাগে এক হাজার টাকা।একই গ্রামের আহের উদ্দিন (৫২) বলেন, বিদ্যুতের দাম বেড়ে যাওয়ায় এবার প্রতি কাঠা জমিতে সেচে খরচ বেড়েছে ৪০-৫০ টাকা। তাঁরাসহ উপস্থিত কয়েকজন কৃষক জানান, সবকিছুর দাম বাড়লেও ধানের দাম সেভাবে বাড়েনি। এক মণ ধান উৎপাদনে খরচ পড়বে প্রায় ৮০০ টাকা। তাই ধান চাষ করে তাঁরা লাভবান হতে পারবেন কি না, সে বিষয়ে সন্দিহান।তাড়াইল উপজেলা কৃষি কর্মকর্তা দুলাল হোসেন বলেন, এখনো সরকার প্রতি কেজি ইউরিয়ায় ১৫ টাকা ভর্তুকি দিচ্ছে। এ ছাড়া টিএসপি, পটাশসহ অন্যান্য সারের দাম অনেক কম। সঠিকভাবে চাষাবাদ করলে ফলন অনেক বেড়ে যাবে। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই।