খরচ নিয়ে প্রশ্ন অর্থমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের খরচ এবং প্রতি মেগাওয়াট বিদ্যুতের দাম নিয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রশ্ন তুলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, প্রকল্পটি হবে খুবই ব্যয়বহুল এবং ভারতসহ অন্যান্য দেশের তুলনায় স্থাপন খরচ বেশি হবে।
একাধিক মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, গতকাল সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অর্থমন্ত্রী
প্রসঙ্গটি তোলেন। এ সময় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে অর্থমন্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন যে প্রকৃতপক্ষে অন্য দেশের তুলনায় খরচ বেশি হবে না। পরে অবশ্য অর্থমন্ত্রী এ বিষয়ে আর কোনো কথা বলেননি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের আলোচ্যসূচিতে এ বিষয়টি ছিল। বৈঠকে গত ১৬ থেকে ২০ মে পর্যন্ত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্দেশ্যে ‘স্টেট এক্সপোর্ট ক্রেডিট’ সংক্রান্ত খসড়া চুক্তি চূড়ান্ত করতে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদলের রাশিয়া সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়। তখন অর্থমন্ত্রী খরচের বিষয়টি তোলেন।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ব্যয় সম্পর্কে এখন পর্যন্ত যে তথ্য সরকার প্রকাশ করেছে, তাতে সমীক্ষাসহ এ প্রকল্পে ব্যয় হবে ১ হাজার ৩১৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা বর্তমান বাজারমূল্যে প্রায় ১ লাখ ৫ হাজার ২০০ কোটি টাকার সমান। আর সরকারি হিসাবে এই কেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুতের দাম চার টাকার মধ্যে সীমিত থাকবে। তবে দেশি-বিদেশি পরমাণু বিশেষজ্ঞ এবং বিদ্যুৎ খাতের বিশেষজ্ঞ পেশাজীবীদের হিসাবে প্রতি ইউনিট বিদ্যুতের দাম হবে প্রায় সাত টাকা।
গতকাল মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবনে। ব্রিফিং অনুষ্ঠিত হয় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে। ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, প্রধানমন্ত্রী সৌদি আরব ও বুলগেরিয়া সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করেন।
এক প্রশ্নের জবাবে সচিব বলেন, প্রধানমন্ত্রী মন্ত্রিসভাকে জানিয়েছেন যে কাবা শরিফ ও মসজিদে নববি আক্রান্ত হলে পবিত্র এই দুটি মসজিদ রক্ষায় প্রয়োজনে সেনা পাঠানো হবে। তবে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটে যোগ দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
সৌদি আরব সফরের গুরুত্ব উল্লেখ করে সচিব বলেন, প্রধানমন্ত্রীর এই সফরের ফলে ওই দেশে বাংলাদেশের দক্ষ শ্রমিক যাওয়ার সুযোগ তৈরি হবে।
মন্ত্রিসভার গতকালের বৈঠকে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) আইন, ২০১৬-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এত দিন দেশে বিএনসিসির কোনো আইনি কাঠামো ছিল না। নতুন এই আইনের আওতায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর গঠন করা হবে। এর প্রধান হবেন মহাপরিচালক। এ ছাড়া প্রতিরক্ষাসচিবের নেতৃত্বে একটি উপদেষ্টা কমিটি থাকবে।