খরচ বাঁচাতে বাতি বন্ধ করে চলাচল
ঠাকুরগাঁও শহরে ব্যাটারিচালিত তিন চাকার অবৈধ যানবাহন ইজিবাইক বেড়ে চলেছে। তার ওপর এ গাড়ির চালকেরা ব্যাটারির চার্জ সাশ্রয় করতে রাতের বেলায় মূল বাতি (হেডলাইট) বন্ধ রেখে যাত্রী পরিবহন করছেন। ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।
রাতে শহরের চৌরাস্তা, আর্ট গ্যালারি, কালিবাড়ি, সত্যপীর ব্রিজ, পুরোনো বাসস্ট্যান্ড ও ঠাকুরগাঁও রোড এলাকার সড়কে হেডলাইট বন্ধ করে চলাচল করছে ইজিবাইক।
ঠাকুরগাঁওয়ের একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তা আমিনুর রহমান জানান, গত শনিবার রাতে বাড়ি ফেরার সময় শহরের আর্ট গ্যালারি মোড়ে একটি ইজিবাইকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষে আহত হন তিনি। তখন ওই ইজিবাইকচালক গাড়ির হেডলাইট বন্ধ করে চালাচ্ছিলেন।
ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের পুরোনো বাসস্ট্যান্ড এলাকার ট্রাকচালক আবদুর রহমান বলেন, ‘মহাসড়কে যেকোনো গাড়ির গতি ৭০ কিলোমিটার বা তারও বেশি থাকে। দ্রুতগতির গাড়ির সামনে হঠাৎ হেডলাইট ছাড়া ইজিবাইক চলে এলে গাড়ি নিয়ন্ত্রণ করা খুবই কঠিন।’
রাতের বেলায় হেডলাইট বন্ধ করে চালানো সম্পর্কে ইজিবাইক চালক জাহাঙ্গীর আলম বলেন, ‘হেডলাইট বন্ধ করে ইজিবাইক চালালে ব্যাটারির চার্জ সাশ্রয় হয়। এতে ১০ থেকে ১৫ কিলোমিটার বেশি চালানো যায়।’
পুরোনো বাসস্ট্যান্ড এলাকার ইজিবাইক চালক মোহাম্মদ হারুন বলেন, ‘একটি ইজিবাইকের জন্য গাড়ির মালিককে দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা ভাড়া দিতে হয়। ব্যাটারি চার্জ করতে ৯০ টাকা খরচ হয়। এসব খরচ বাদ দিয়ে একজন ইজিবাইকচালকের প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা হাতে থাকে। তাই একই ব্যাটারির চার্জ দিয়ে বেশি যাত্রী পরিবহনে হেডলাইট বন্ধ রাখি।’
ঠাকুরগাঁও ট্রাফিক পুলিশের সার্জন ফারুক হোসেন বলেন, ‘বিষয়টি আমরা নজরদারিতে রেখেছি।’