খরচ বেশি, দাম কম বোরোর আবাদ কমে গেছে
আশানুরূপ দাম না পাওয়া, ডিজেল ও সারের দাম বেড়ে যাওয়া এবং সেচসংকটে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বোরোর আবাদ কমে গেছে। গত মৌসুমের তুলনায় এবার তিন হাজার হেক্টর কম জমিতে বোরো চাষ হয়েছে। পীরগঞ্জ উপজেলার চাপোড়, মসলন্দপুর, কুশারিগাঁও, বিশমাইল, বাঁশগাড়া, সাগুনী, দৌলতপুর, সেনগাঁও, ঘিডোব, খনগাঁও, মালঞ্চাসহ বিভিন্ন গ্রামের চাষিরা জানান, বোরো ধান আবাদে এবার দ্বিগুণ খরচ হচ্ছে। গতবার বোরো ও আমনের উপযুক্ত দাম পাওয়া যায়নি। এবারও বোরোর ভালো দাম পাওয়ার নিশ্চয়তা নেই। এ কারণে চাষিরা ধানের আবাদ কমিয়ে অন্যান্য ফসল চাষ করছেন। চাষিরা জানান, গত বছর বোরো কাটা-মাড়াই মৌসুমে প্রতি বস্তা (দুই মণ) ধান এক হাজার ৫০০ থেকে এক হাজার ৬০০ টাকায় বিক্রি হয়েছিল। এবার আমন ধান মাড়াই মৌসুমের শুরু থেকেই ধানের বাজার নিম্নমুখী ছিল। একটু বেশি দাম পাওয়ার আশায় অনেক চাষি তাঁদের খেতের ধান মজুদ করে রেখেছিলেন। কিন্তু ফাগুন মাসেও ধানের দাম বাড়েনি। এক হাজার ১০০ থেকে এক হাজার ৫০০ টাকায় বিক্রি করায় বেশির ভাগ চাষিই লাভবান হতে পারেননি। অনেকে উৎপাদন খরচই তুলতে পারেননি। এ কারণে এবার বোরো ধানের আবাদে চাষিদের মধ্যে অনীহা দেখা দিয়েছে। বেতুরা গ্রামের মোসলেমউদ্দীন বলেন, ‘গত বছর ৪২ টাকায় ডিজেল কিনে চার বিঘা জমিত বোরো ধান লাগাইচিনু। কম দামে ধান বিকাহেনে খুবই লস। এইবার ডিজেলের দাম হইচে ৬২ টাকা। এত দামে ডিজেল কিনে ধান লাগাবার সাহস পাউনি। ওই তাহেনে (এ কারণে) মুই এইবার চার বিঘাতেই ভুট্টা আর গম লাগায় দিচু।’ খনগাঁও গ্রামের আবুল হোসেন বলেন, ‘গত বছর ১২ বিঘাত বোরো ধানের আবাদ করে হেনে খুবই লস হইচে। এই তাহেনে এইবার খালি তিন বিঘাত বোরো ধান আর বাকি জমিত গম আর ভুট্টার আবাদ করিচু।’ উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, গত বোরো মৌসুমে পীরগঞ্জ উপজেলায় ১৫ হাজার হেক্টরে বোরো আবাদ হয়। এবার ৮ মার্চ পর্যন্ত বোরো ধানের চাষ হয়েছে মাত্র ১২ হাজার হেক্টরে। গত ৫, ৬ ও ৭ মার্চ সরেজমিনে পীরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে দেখা গেছে, খেতে ধানের বদলে গম, ভুট্টা, আখ, সরিষাসহ বিভিন্ন শস্য চাষ করা হয়েছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপের আওতাভুক্ত এলাকায়ও ধানের বদলে গম, সরিষা, ভুট্টা ও আখ চাষ করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা সহিরউদ্দীন আহম্মেদ জানান, উপজেলায় এ বছর ১৫ হাজার ৬০ হেক্টরে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। গত বছর এ সময় পর্যন্ত ১৫ হাজার হেক্টরে চাষ হয়েছিল। এবার ১১ মার্চ পর্যন্ত মাত্র ১২ হাজার হেক্টরে বোরো চাষ হয়েছে। বিএমডিএ পীরগঞ্জ অঞ্চলের সহকারী প্রকৌশলী খায়রুল আলম জানান, গভীর নলকূপ এলাকায় এবার ধানের আবাদ কমে গেছে এবং ফলনও কমে যাবে। কী পরিমাণ জমিতে ধানের আবাদ কমেছে, তা এখন বলা যাচ্ছে না।