খরচ বেশি, তবু খুশি পাটচাষি
পাট কাটার পর অপর্যাপ্ত বৃষ্টির কারণে যথাসময়ে তা জাগ দেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছিল ঠাকুরগাঁওয়ের পাটচাষিদের। তখন বাধ্য হয়ে জলাশয় ভাড়া নিয়ে পাট জাগের ব্যবস্থা করেন অনেকে। এতে পাট চাষে এবার উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসানের আশঙ্কায় পড়েন অনেক চাষি। কিন্তু বাজারে দাম ভালো থাকায় সেই চাষিদের মুখেই ফুটে উঠেছে স্বস্তির হাসি।
গত মঙ্গল ও বুধবার সদর উপজেলার আউলিয়াপুর, মাদারগঞ্জ, ভাতগাঁও, ফাঁড়াবাড়ি ও দক্ষিণ বঠিনা এবং রানীশংকৈল উপজেলার রাতোর ও নেকমরদসহ বিভিন্ন জায়গায় গিয়ে দেখা যায়, রাস্তার দুই ধারে জলাশয়ের পাশে জাগ দেওয়া পাটগাছ থেকে আঁশ ছাড়াতে ব্যস্ত চাষিরা। তাঁদের মুখে হাসি।
মাদারগঞ্জ গ্রামের পাটচাষি জয়নাল আবেদিন বলেন, ‘খাল-ডোবায় পানি না থাকায় শ্যালো মেশিন দিয়ে পানি তুলে পাট জাগ দিতে বাধ্য হয়েছিলাম। এতে বিঘাপ্রতি ৬০০ টাকা করে উৎপাদন খরচ বেড়ে যায়। তবে বাজারে পাটের দাম ভালো থাকায় লোকসানে পড়তে হয়নি।’
ভাতগাঁও গ্রামের পাটচাষি অনিল রায় বলেন, ‘পাট কাটার পর খালে-বিলে পানির অভাবে জাগ দিতে সমস্যায় পড়েছিলাম। কম পানিতে জাগ দেওয়া হলে পাটের রং কালচে হয়। তখন লোকসানের আশঙ্কায় পড়ি। সেই পাট গত শনিবার সদর উপজেলার খোঁচাবাড়ি হাট বিক্রি করেছি প্রতি মণ ১ হাজার ৬০০ টাকা দরে। এতে আমি খুশি।’
দক্ষিণ বঠিনা গ্রামের চাষি আবদুর রহিম বলেন, তোষা জাতের পাট এবার বিক্রি হচ্ছে প্রতি মণ ১ হাজার ৭০০ টাকা দরে। গত বছর এ জাতের পাটের দাম ছিল ১ হাজার ২০০ টাকা মণ।
বালিয়াডাঙ্গী উপজেলার দৌগাছি গ্রামের পাটচাষি রহমত আলী বলেন, ‘এলাকার খাল-পুকুরে পানি না থাকায় ১৮ কিলোমিটার দূরের এক পুকুরমালিকের সঙ্গে প্রতি বিঘার পাট ৮০০ টাকা চুক্তিতে জাগ দিই। এতে গাড়ি ভাড়া ও পুকুর ভাড়ার পেছনে অনেক টাকা খরচ হয়ে যাওয়ায় লোকসানের আশঙ্কায় পড়ি। কিন্তু বাজারে পাটের দাম ভালো থাকায় সে আশঙ্কা দূর হয়েছে।’ তিনি আরও বলেন, এক বিঘা জমিতে পাট আবাদ করতে সাধারণত সাত থেকে আট হাজার টাকা খরচ হয়। বিকল্প ব্যবস্থায় পাট জাগ দিতে গিয়ে এ বছর খরচ আরও এক হাজার টাকা করে বেড়ে যায় বিঘা প্রতি। আবাদ ভালো হলে এক বিঘায় আট থেকে নয় মণ পাট পাওয়া যায়।
নেকমরদ বাজারে পাট কিনতে এসে আড়তদার আবদুল লতিফ বলেন, এখন তোষা জাতের ভালো পাট বিক্রি হচ্ছে ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকা মণ দরে। আর পাটের রং একটু খারাপ হলে প্রতি মণ বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ টাকায়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঠাকুরগাঁও কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে জেলায় ৮ হাজার ৩৬২ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়। তবে আবাদ হয়েছে ৮ হাজার ৬৪০ হেক্টর জমিতে। অধিদপ্তরের উপপরিচালক আরশেদ আলী বলেন, পাট কাটার পর অপর্যাপ্ত পানিতে পাট জাগ দিতে গিয়ে কৃষকেরা কিছুটা সমস্যায় পড়েছিলেন ঠিকই। তবে বাজারে এবার পাটের দাম ভালো থাকায় কৃষকদের ওপর এর তেমন প্রভাব পড়েনি।