খরচ হয়েছে প্রায় ৩০ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বাধিক মানুষের অংশগ্রহণে জাতীয় সংগীত গাওয়ার অনুষ্ঠান ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’র জন্য মোট খরচ হয়েছে প্রায় ৩০ কোটি টাকা। তবে এই তহবিলে জমা পড়েছে ৫০ কোটি ৩৫ লাখ ১০ হাজার টাকা। উদ্বৃত্ত টাকার কী হবে, সে বিষয়ে এ-সংক্রান্ত অর্থ কমিটি সিদ্ধান্ত নেবে।
রাজধানীর শিল্পকলা একাডেমীতে গতকাল বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংসৃ্কতিবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিভিন্ন তথ্য তুলে ধরে বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মো. শফিউল হক, অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক সশস্ত্র বাহিনী বিভাগের বেসামরিক ও সামরিক সংযোগ পরিদপ্তরের মহাপরিচালক কমোডর কাজী এমদাদুল হক এবং সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস।
গত ২৬ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে দুই লাখ ৫৪ হাজার ৫৩৭ জনের সমাগমে জাতীয় সংগীত পরিবেশন করে বিশ্ব রেকর্ড (গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস) গড়ে বাংলাদেশ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মোট ৫৩টি প্রতিষ্ঠান ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ তহবিলে টাকা জমা দিয়েছে। এখন খরচের হিসাব নিরীক্ষা করা হচ্ছে। এরপর খরচের চূড়ান্ত তথ্য জানা যাবে। এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান নূর বলেন, ইসলামী ব্যাংকের কোনো টাকা এই তহবিলে জমা পড়েনি।
মন্ত্রী বলেন, ‘এই অনুষ্ঠানে মানুষ যেভাবে অংশ নিয়েছে, সেটা অবিশ্বাস্য। এই অনুষ্ঠানের মাধ্যমে শুধু গিনেস বুকে নাম ওঠানোই একমাত্র উপলক্ষ ছিল না। আমি মনে করি, এটা দেশপ্রেমের বিশ্ব রেকর্ড।’ অনুষ্ঠানটির মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রতি আবারও আনুগত্য প্রকাশ করা হয়েছে বলে মনে করেন মন্ত্রী। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই তিনি সব ধরনের লাভজনক পদ থেকে পদত্যাগ করেছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, নিয়ম মেনেই এশিয়াটিক ইভেন্টস ওই অনুষ্ঠানের ইভেন্টের কাজ পেয়েছে। এর আগে তাদের বাংলাদেশ সাব গেমসের ইভেন্টের দায়িত্বও পালনের অভিজ্ঞতা আছে বলে জানানো হয়।
অংশগ্রহণকারীদের ব্যাগে ইবনে সিনার স্যালাইন থাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তিন লাখ প্যাকেটের সব কটিতে ওই কোম্পানির ছিল না। আর এটি পরিকল্পিত ব্যাপারও ছিল না।