প্রতি মণ লবণ উৎপাদনে চাষিদের খরচ হয় ১২৫ টাকা। কিন্তু বিক্রি করতে হচ্ছে ১০০ টাকায়। বিদেশ থেকে লবণ আমদানির জন্য একটি সিন্ডিকেট লবণের দাম কমিয়ে দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে লবণচাষিরা অভিযোগ করেছেন।
লবণের দাম কমে যাওয়ায় কক্সবাজারের প্রায় ৫৮ হাজার প্রান্তিক চাষি লোকসানের মুখে পড়েছেন।
চকরিয়ার উপজেলার লবণচাষি মনছুর আলম জানান, এক কানি জমিতে এক মণ লবণ উৎপাদন করতে খরচ পড়ে ১২৫ টাকা। এর মধ্যে পলিথিন ২৫ টাকা, শ্রমিক মজুরি ৭০ টাকার ও পরিবহন বাবদ ৩০ টাকা খরচ হয়। অথচ বিক্রি হচ্ছে ১০০ টাকায়। তিনি ১২ দিন ধরে লবণ বিক্রি বন্ধ রেখেছেন।
বিসিক কক্সবাজার লবণ শিল্প উন্নয়ন প্রকল্পের উপমহাব্যবস্থাপক আবদুল লতিফ জানান, বিক্রি না হওয়ায় মাঠে প্রচুর পরিমাণ লবণ পড়ে রয়েছে। স্থানীয় (দেশে উৎপাদিত) লবণের গুণমান ভালো না—এই অজুহাত দেখিয়ে ব্যবসায়ী সিন্ডিকেট ভারত থেকে লবণ আমদানির চেষ্টা করছেন। একই অজুহাতে গত বছরও লবণ আমদানি করা হয়।
বিসিক সূত্র জানায়, কক্সবাজারের আটটি উপজেলায় প্রায় ৬৮ হাজার একর জমিতে লবণ উৎপাদিত হচ্ছে। এ বছর দেশে লবণের জাতীয় চাহিদা নির্ধারণ করা হয় ১৬ লাখ ৫৮ হাজার মেট্রিক টন। লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮ লাখ মেট্রিক টন। গত ১৩ মার্চ পর্যন্ত চলতি মৌসুমে (১৫ ডিসেম্বর-১৫ মে পর্যন্ত লবণ উৎপাদন মৌসুম) তিন মাসে জেলায় লবণ উৎপাদিত হয়েছে ৬ লাখ ৬৫ হাজার ৮১৪ মেট্রিক টন। কিন্তু লবণের দাম কমে যাওয়ায় অনেকে উৎপাদন বন্ধ রেখেছেন। এতে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
কক্সবাজার লবণ চাষি সংগ্রাম পরিষদের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী জানান, মাঠে উৎপাদিত প্রতি কেজি লবণ দুই টাকায় বিক্রি করতে চাষিদের বাধ্য করা হলেও খুচরা বাজারে প্যাকেটজাত লবণ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১২ থেকে ২৮ টাকায়। বর্তমানে জেলার ৬৮ হাজার একর জমিতে লবণ উৎপাদন চলছে।
গতকাল শুক্রবার দুপুরে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল, চৌফলদন্ডি, পোকখালী ইউনিয়ন ঘুরে দেখা গেছে, হাজার হাজার একর জমিতে সমুদ্রের লোনা পানি জমিয়ে (সূর্য তাপে শুকিয়ে) সাদা লবণ উৎপাদন করা হচ্ছে। উৎপাদিত লবণ মাঠে স্তূপ করে রাখা হয়েছে।
পোকখালী এলাকার চাষি সাজেদুল ইসলাম জানান, পলিথিন প্রযুক্তির এক মণ সাদা লবণ উৎপাদন করতে তাঁদের ১২৫-১৩০ টাকা খরচ হচ্ছে। কিন্তু প্রতি মণ লবণ বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকায়। অথচ জানুয়ারি-ফেব্রুয়ারি মাসেও প্রতি মণ লবণ বিক্রি হয়েছে ১৮০-২০০ টাকায়।
টেকনাফ উপজেলার লেদা গ্রামের চাষি সৈয়দ নূর জানান, প্রতি কানি (৪০ শতক) জমি ১৪ হাজার টাকায় বর্গা নিয়ে তিনি গত ডিসেম্বর মাসে লবণ চাষ শুরু করেন। গতকাল পর্যন্ত তিনি মাঠ থেকে ৭০০ মণের বেশি লবণ উৎপাদন করলেও লোকসান গুনতে হচ্ছে।
টেকনাফ লবণচাষি কল্যাণ সমিতির সভাপতি মো. শফিক মিয়া জানান, উপজেলার প্রায় ১০ হাজার একর জমিতে লবণ উৎপাদন হচ্ছে। প্রতি কানিতে গড়ে ২৫০ মণ লবণ উৎপাদিত হচ্ছে। কিন্তু প্রতি মণ লবণ বিক্রি করে চাষিরা পাচ্ছেন মাত্র ৬০-৭০ টাকা। এতে চাষিরা হতাশ। ব্যবসায়ী সিন্ডিকেট ভারত থেকে লবণ আমদানির জন্য দেশে উৎপাদিত লবণের দাম কমিয়ে দিয়েছে। এতে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।