খরচাপাতির জন্য আ.লীগ নেতাদের গাছ কর্তন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে আওয়ামী লীগের নেতারা গতকাল শুক্রবার রাস্তার পাশে বন বিভাগের ১৫টি ইউক্যালিপটাস গাছ কেটে নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে থানার পুলিশ ও বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কাটা গাছের কিছু অংশ উদ্ধার করেছেন।ঘটনার সত্যতা স্বীকার করে আওয়ামী লীগের এক নেতা বলেছেন, ‘খরচাপাতির জন্য দলের নেতা-কর্মীরা কয়েকটি গাছ কেটেছেন মাত্র।’ থানার পুলিশ ও বন বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার চিকাশি ইউনিয়নের গজারিয়া গ্রামে রাস্তার দুই পাশে ১০ বছর আগে গাছগুলো লাগানো হয়। কেটে নেওয়া গাছগুলোর বাজারমূল্য আনুমানিক এক লাখ টাকা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল হাইয়ের ছোট ভাই জিলানী আকন্দ, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক কামরুল হাসান, চিকাশি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাদেমুল ইসলাম তাঁদের লোকজন নিয়ে গতকাল সকালে ওই রাস্তা থেকে ১৫টি ইউক্যালিপটাসগাছ কেটে ভটভটিতে করে নিয়ে যান। এ সময় বন বিভাগের সুবিধাভোগী সদস্যরা বাধা দিলে তাঁদের হুমকি-ধমকি দেওয়া হয়। বন বিভাগের সুবিধাভোগী সদস্য গজারিয়া গ্রামের মজনু মিয়া বলেন, ‘সকালে চিকাশি ইউনিয়নের সোনারগাঁ গ্রামের খাদেমুল ইসলাম, কামরুল হাসান ও জিলানী আকন্দ লোকজন নিয়ে এসে গাছগুলো কেটে ফেলেন।’ উপজেলা বন বিভাগের কর্মকর্তা মাহবুর রশিদ বলেন, তাঁদের প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত জিলানী আকন্দ বলেন, ‘আমার এলাকার আওয়ামী লীগের নেতা-কর্মীরা খরচাপাতির জন্য রাস্তা থেকে বন বিভাগের কয়েকটি গাছ কেটে নিয়ে গেছে। সংবাদ পেয়ে তাঁদের নিষেধ করে গাছ কাটা বন্ধ করে দিয়েছি। আমি গাছ কাটার ঘটনার সঙ্গে জড়িত নই।’ ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, কয়েকটি গাছের কাটা অংশ জব্দ করা হয়েছে। এ বিষয়ে বন বিভাগ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।