ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ও রামগোপালপুর ইউনিয়নে দুদিনের মধ্যে ট্রান্সফরমার প্রতিস্থাপন করার প্রতিশ্রুতি দিয়ে ভুক্তভোগী গ্রাহকদের কাছ থেকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দুজন কর্মচারী প্রায় এক লাখ টাকা নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর তিন সপ্তাহ পেরিয়ে গেলেও ট্রান্সফরমার প্রতিস্থাপন করা হয়নি।
পিডিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রামগোপালপুর ও ডৌহাখলা ইউনিয়নের একাংশে বিদ্যুৎ বিতরণব্যবস্থা পিডিবির ঈশ্বরগঞ্জ কার্যালয়ের আওতাধীন। এলাকার কয়েকজন বাসিন্দা জানান, তিন সপ্তাহ আগে ডৌহাখলা ইউনিয়নের রুকনাকান্দা গ্রামের ১০০ কেভির একটি ট্রান্সফরমার বিকল হয়। একই দিন রামগোপালপুর বাজারের একটি ট্রান্সফরমারও বিকল হয়। বিষয়টি গ্রাহকেরা পিডিবির ঈশ্বরগঞ্জ কার্যালয়ে জানান। এরপর ওই কার্যালয়ের সহকারী হিসাবরক্ষক আবদুর রশিদ ও সহকারী লাইনম্যান রোকন উদ্দিন দুই ইউনিয়নের ভুক্তভোগী প্রায় ৩০০ গ্রাহকের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা ট্রান্সফরমার প্রতিস্থাপনের কথা বলে প্রত্যেক গ্রাহকের কাছ থেকে কমবেশি ৫০০ টাকা করে আদায় করেন। কিন্তু গত রোববার বিকেল পর্যন্ত ট্রান্সফরমার দুটি প্রতিস্থাপন করা হয়নি। এদিকে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ না থাকায় রামগোপালপুর বাজার ও রুকনাকান্দা গ্রামের গ্রাহকেরা দুর্ভোগ পোহাচ্ছেন।
রুকনাকান্দা গ্রামের বাসিন্দা মো. আবদুল কাইয়ুম বলেন, পিডিবির ঈশ্বরগঞ্জ কার্যালয়ের লোক পরিচয় দিয়ে আবদুর রশিদ তাঁদের গ্রামের প্রায় ১৫০ জন গ্রাহকের কাছ থেকে মোট ৭০ হাজার টাকা নিয়েছেন। কিন্তু ট্রান্সফরমার স্থাপন করা হয়নি।
রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) আমিনুল ইসলাম বলেন, ‘বাজারে ট্রান্সফরমার নষ্ট থাকায় বিদ্যুৎ না থাকার বিষয়টি জানি। শুনেছি, এলাকাবাসী নতুন ট্রান্সফরমার বসানোর জন্য পিডিবির লোকদের ৪০ হাজার টাকা দিয়েছে।’
আবদুর রশিদ বলেন, ‘খরচের কথা বলে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়েছি।’
রোকন উদ্দিন টাকা নেওয়ার অভিযোগ স্বীকার করে বলেন, ‘আমি নিজের হাতে টাকা নিইনি।’ কে টাকা নিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আপনি খুঁজে বের করুন।’
পিডিবির ঈশ্বরগঞ্জ কার্যালয়ের আবাসিক প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মেহেদি হাসান বলেন, অভিযোগের ব্যাপারে খোঁজ নেওয়া হবে। ট্রান্সফরমার স্থাপন করার কথা বলে টাকা আদায়ের কোনো নিয়ম নেই। এ ক্ষেত্রে চাঁদাবাজি করার অভিযোগের প্রমাণ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। দু-এক দিনের মধ্যে ট্রান্সফরমার দুটি প্রতিস্থাপন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।