খরচের টাকা উঠবে কি না আশঙ্কা তরমুজচাষিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় সবচেয়ে বেশি তরমুজ চাষ হয় দাকোপ উপজেলায়। চলতি বছর এ উপজেলার ২০০ হেক্টর জমিতে তরমুজের চাষ করা হয়েছে। কিন্তু তরমুজগাছ আগা মরা রোগে আক্রান্ত হয়েছে। এতে লাভ তো দূরে থাক, খরচের টাকা তুলতে পারবেন কি না, এই আশঙ্কা করছেন চাষিরা।
সাধারণত তরমুজ চাষের মৌসুম হলো ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি। কিন্তু এ সময় দাকোপের অধিকাংশ জমিতে পানি থাকায় এক মাস দেরিতে তরমুজ চাষ করেন কৃষকেরা। তাই তাঁদের ফলনও দেরিতে হয়।
সাত-আটজন চাষি প্রথম আলোকে বলেন, অনুমোদিত ডিলারদের কাছ থেকেই তাঁরা বিভিন্ন জাতের বীজ সংগ্রহ করেছিলেন। সে অনুযায়ী সার ও অন্যান্য পরিচর্যাও করছেন। কিন্তু গাছের আগা মরা রোগ ঠেকাতে পারছেন না। উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী মরা গাছগুলো খেত থেকে উঠিয়ে ফেলছেন। তাতেও কাজ হচ্ছে না। অনেক তরমুজ পুষ্ট হচ্ছে না। আকারে ছোট হচ্ছে। এসব কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।
উপজেলার পশ্চিম বাজুয়া গ্রামের সুনীল কৃষ্ণ জোয়ারদার বলেন, তিনি এবার ২০ বিঘা জমিতে তরমুজের চাষ করেছেন। গত বছর একই পরিমাণ জমিতে তরমুজ চাষ করে প্রায় দেড় লাখ টাকা লাভ করেছিলেন। কিন্তু এ বছর ভাইরাস লেগে গাছের আগা মরে যাচ্ছে। তরমুজের আকারও বিকৃত হয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, এক বিঘা জমিতে তরমুজ চাষ করতে প্রায় ১০ হাজার টাকা খরচ হয়। ভালো ফলন হলে এক বিঘা জমিতে প্রায় এক হাজার তরমুজ হয়। কিন্তু এবার ৩০০ থেকে ৪০০ তরমুজ পাওয়া যেতে পারে। তাই এবার খরচের টাকা তুলতে পারবেন কি না, এই আশঙ্কা করছেন কৃষকেরা।
একই এলাকার প্রশান্ত মণ্ডল বলেন, গত বছর তিন বিঘা জমিতে তরমুজের চাষ করেছিলেন। কিন্তু লাভ না হওয়ায় এ বছর এক বিঘা জমিতে চাষ করেন। তবে গাছ ভাইরাসে আক্রান্ত হওয়ায় এ বছরও লোকসানের আশঙ্কা করছেন।
হরিণটানা গ্রামের কৃষক সমরেশ মণ্ডল বলেন, বর্গা নিয়ে এবার দেড় বিঘা জমিতে তরমুজের চাষ করেছেন। খরচ কমাতে বাড়তি দিনমজুর না নিয়ে পরিবারের সদস্যদের দিয়েই খেতে কাজ করাচ্ছেন তিনি। এরপরও গাছ যেভাবে মারা যাচ্ছে, তাতে খরচের টাকা তুলতে পারবেন কি না, বুঝতে পারছেন না।
উপজেলার কৃষি কর্মকর্তা মোছাদ্দেক হোসেন বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে তরমুজগাছে মাকড় (ছোট ছোট পোকা, খালি চোখে দেখা যায় না) লেগেছে। এ ছাড়া কিছু কিছু জমিতে ভাইরাস আক্রমণ করেছে। তবে আমরা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি। পরামর্শ অনুযায়ী কাজ যাঁরা করছেন, তাঁরা উপকার পাচ্ছেন।’