খরতাপ, বিদ্যুৎ-যন্ত্রণা, পানির কষ্টে জীবন অতিষ্ঠ

বেলা তিনটা। মতিঝিলে যানজট নেই। কারণ, রিকশার সংখ্যা খুবই কম। অথচ রিকশার আধিক্যে এ সময়টায় শাপলা চত্বরের চারপাশের রাস্তায় লম্বা যানজট বাঁধে।
জানতে চাইলে বাশার নামের এক রিকশাচালক মুখের ঘাম মুছতে মুছতে বললেন, ‘তিন দিনই এই অবস্থা। সূর্যটা মনে অয় নিচে নাইমা গেছে। গরমে মাথা ঘুইরা পইড়া যাওনের অবস্থা।’ গতকাল ছিল আষাঢ়ের ৪ তারিখ। কিন্তু রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে নির্মেঘ আকাশ ভেদ করে বর্শার ফলার মতো রোদ এসে বিঁধেছে। উত্তাপ আর আর্দ্রতার যুগল প্রতাপে পুড়েছে নগর-প্রান্তর। সঙ্গে বিদ্যুতের লোডশেডিং, বিদ্যুৎ না থাকায় পানিরও সমস্যা। সব মিলিয়ে নাভিশ্বাস অবস্থা।
প্রচণ্ড গরমে বাতাস যেন লু হাওয়া হয়ে গায়ে বিঁধেছে। ঘরে-বাইরে কোথাও উত্তাপ থেকে রেহাই ছিল না। ভরা বর্ষায় ঝুম বৃষ্টি তো দূরে থাক, গত দুই দিন আকাশে মেঘের পর্যন্ত দেখা নেই।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, টাঙ্গাইল ও ময়মনসিংহ এবং সিলেট ও রংপুরের কিছু এলাকা ছাড়া দেশের অন্যত্র বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বরং রাজধানীসহ দেশের বেশির ভাগ স্থানে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। ফলে রাজধানীবাসীর শিগগিরই উত্তাপের যন্ত্রণা থেকে মুক্তি মিলছে না বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।
সারা দেশে গরমের এই দাপটের কারণ ব্যাখ্যা করতে গিয়ে আবহাওয়া অধিদপ্তরের বিশ্লেষণ বলছে, দেশের বেশির ভাগ অঞ্চলের ওপরে মৌসুমি বায়ু দুর্বল অবস্থায় রয়েছে। এটি বর্তমানে ভারতের রাজস্থান, আসাম ও পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। বাংলাদেশের ওপরে মৌসুমি বায়ু দুর্বল অবস্থায় থাকায় আকাশে মেঘ জমছে না। ফলে বৃষ্টিরও দেখা মিলছে না।
গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে, ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের বাতাসে গড় আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। শুধু চট্টগ্রামে ১২ মিলিমিটার এবং শ্রীমঙ্গল ও সিলেটে সামান্য বৃষ্টি হয়েছে।
বিদ্যুৎ-যন্ত্রণা: ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) সূত্র জানায়, গতকাল দিনের বেলাতেই তাদের অধীন এলাকায় আড়াই শ মেগাওয়াট লোডশেডিং ছিল।
ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক এম নজরুল হাসান প্রথম আলোকে বলেন, গরমের কারণে অবশ্যই বিদ্যুতের কিছু সমস্যা হচ্ছে। তবে কারিগরি ত্রুটির কারণেও বিদ্যুৎ বিতরণে সমস্যা হচ্ছে।
ধানমন্ডি গ্রিডে এক মাসেরও বেশি সময় আগে আগুন লেগে যে ক্ষতি হয়েছিল, তা এখনো ঠিক হয়নি। গত রোববার উলন গ্রিডে একটি ব্রেকার পুড়ে যায়। সোমবার বিকেলে তা মেরামত করা হলেও সমস্যা কিছুটা থেকেই যায়। ব্যবস্থাপনা পরিচালক বলেন, পুরোপুরি ঠিক হতে আরও সপ্তাহ খানেক লাগবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র দাবি করেছে, ডিপিডিসি ও ডেসকোকে প্রায় দুই হাজার ২২ মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া হয়। তবে বিতরণ লাইনের সমস্যার কারণে সব বিদ্যুৎ গ্রাহকদের কাছে যায় না।
পানির কষ্ট: লোডশেডিংয়ের কারণে ঢাকা ওয়াসা তাদের পাম্পগুলো নিরবচ্ছিন্নভাবে চালাতে পারছে না বলে জানিয়েছে। পানির সমস্যা মেটানোর জন্য তেল পুড়িয়ে জেনারেটর চালাতে হচ্ছে।
ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (পরিচালন ও রক্ষণাবেক্ষণ) এ ডি এম কামরুল আলম বলেন, বিদ্যুৎ-সমস্যা থাকা সত্ত্বেও গতকাল ২২৩ কোটি লিটার পানি উৎপাদন সম্ভব হয়েছে। তবে এর জন্য জেনারেটর চালাতে হয়েছে। গরমের কারণে পানির ব্যবহারও বেড়ে গেছে।
কাফরুলে দুটি পাম্প বিকল হয়ে যাওয়ায় সেখানে এবং আশপাশের এলাকায় পানির কষ্ট বেড়েছে। কাফরুলের বাসিন্দা রহমত উল্লাহ অভিযোগ করেন, পানি আর বিদ্যুতের কষ্ট তাদের দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তুলছে।
কর্ণফুলী গলিসহ সেনপাড়া পর্বতায় টানা কয়েক দিন পানি নেই। পানি কিনে চলতে হচ্ছে বলে বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেন। কল্যাণপুর এলাকায়ও একই অবস্থা।