খরা-অনাবৃষ্টিতে চুয়াডাঙ্গায় আমনের আবাদে বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাড়োকান্দি গ্রামের বর্গাচাষি কাশেম আলী (৫৫) বিঘাপ্রতি ছয় মণ ধান দেওয়ার চুক্তিতে তিন বিঘা জমি বর্গা নিয়ে আমন ধানের চাষ করেছিলেন। অন্যান্য উকরণ কিনে তিনি চড়া সুদে ১৫ হাজার টাকা ঋণ নেন। কিন্তু খরা-অনাবৃষ্টির কারণে গোটা জমির ধান পুড়ে গেছে। মরে যাওয়া ধানগাছ এখন তিনি গো-খাদ্য হিসেবে ব্যবহার করছেন। একদিকে জমির মালিকের বর্গা বাবদ ১৮ মণ ধান, অন্যদিকে ঋণের ১৫ হাজার টাকা ও তার সুদ কীভাবে পরিশোধ করবেন, তা নিয়ে বিপাকে পড়েছেন কাশেম আলী। তাঁর মতোই হাড়োকান্দি গ্রামের মাইদের মাঠে রোপন করা অন্যান্য কৃষকের প্রায় ৫০০ বিঘা জমির আমন ধান পুড়ে গেছে। সেখানে ন্যূনতম ফসল ওঠার সম্ভাবনা নেই। কৃষকদের ভাষ্যমতে, বিঘাপ্রতি পাঁচ হাজার টাকা হিসেবে ওই জমিতে ইতিমধ্যে তাঁরা ২৫ লাখ টাকা বিনিয়োগ করেছেন। আশপাশের গ্রামের মাঠে মাঠে প্রায় ধান খেতের একই দশা। কৃষি কর্মকর্তারা বলছেন, জেলার চারটি উপজেলায় আমনের এই বিপর্যয় দেখা দিয়েছে। তবে আলমডাঙ্গা উপজেলায় ক্ষতির পরিমাণ বেশি। সব মিলিয়ে চলতি আমন মৌসুমে ধানের উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের কোনো সম্ভাবনাই নেই। এমতাবস্থায় খাদ্যে উদ্বৃত্ত জেলা হিসেবে পরিচিত চুয়াডাঙ্গায় খাদ্যাভাবের পূর্বাভাস দেখা যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে জেলায় ৪৭ হাজার ২৪২ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। তবে আবাদ হয়েছে ৪৪ হাজার ৮৮০ হেক্টর জমিতে। বৃষ্টিনির্ভর এই ধান রোপনের শুরু থেকেই তীব্র খরা ও অনাবৃষ্টির কারণে জমিতেই গাছ মরে গেছে। মাঠের পর মাঠ ধান খেত পুড়ে একাকার হয়ে গেছে। সরেজমিনে দেখা গেছে, মাঠের পর মাঠ জমিতে ধান মরে পাতা বিবর্ণ হয়ে পড়েছে। কৃষকেরা মরা ধানগাছ কেটে গরুর খাদ্য হিসেবে ব্যবহার করছে। সদর উপজেলার ফুলবাড়ী গ্রামের কৃষক শামসুল হক জানান, গতবার আমনের বাম্পার ফলন হয়েছিল, তাই এবারও তিনি তিন বিঘায় লাগিয়েছিলেন। কিন্তু খরচ কীভাবে তুলবেন, সেটা নিয়েই তিনি শঙ্কিত। এই ক্ষতির সমাধান খুঁজে পাচ্ছে না কৃষকেরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ফিরোজুল ইসলাম বলেন, মূলত এই ধান বৃষ্টিনির্ভর। বৃষ্টির পানিতে প্রচুর পরিমাণ নাইট্রোজেন আছে। এবার বৃষ্টি না হওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে। সম্প্রতি বৃষ্টিপাত শুরু হয়েছে, এখন কৃষকদের ফসলের প্রতি যত্নশীল হওয়া দরকার। বর্তমানে ধানের জমিতে সম্পূরক সেচ প্রদানের পাশাপাশি বিঘাপ্রতি আট কেজি জিপসাম এবং প্রয়োজনীয় ইউরিয়া ও থিয়োভিট ছিটানোর পরামর্শ দেন তিনি। এতে সমস্যা অনেকাংশে কেটে যাবে বলে মনে করেন তিনি। সমস্যা মোকাবিলায় মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা পরামর্শ অব্যাহত রেখেছেন বলে জানান তিনি।