খরা ও তাপপ্রবাহে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল
তীব্র খরা ও তাপপ্রবাহে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল। গত ১৪ এপ্রিল থেকে শুরু হওয়া তাপপ্রবাহে এ অঞ্চলের কৃষি অর্থনীতি ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ভীষণ হুমকির মুখে পড়েছে।
বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদ বলেন, এই খরা পরিস্থিতি আরও ১০-১৫ দিন স্থায়ী হলে এ অঞ্চলের কৃষিব্যবস্থা ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে।
কলাপাড়া আবহাওয়া কার্যালয়ের কর্মকর্তারা জানান, দেড় মাসে এ অঞ্চলের তাপমাত্রা ৩৬ দশমিক ৭ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠা-নামা করেছে। গত সোমবার এ অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
গত বছরের ২০ ও ২২ এপ্রিল বরিশাল বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। একই বছরের ২৪ এপ্রিল পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি।
বরিশাল ও কলাপাড়ার আবহাওয়া বিভাগের কর্মকর্তারা জানান, দুই বছর ধরে দক্ষিণাঞ্চলে তাপপ্রবাহের মাত্রা অস্বাভাবিক হচ্ছে। এর স্থায়িত্ব দীর্ঘ হচ্ছে। এ জন্য বৃষ্টিপাত কমে যাওয়াকে দায়ী করেন তাঁরা।
বরিশাল ও কলাপাড়া আবহাওয়া কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাসে বরিশালসহ দক্ষিণাঞ্চলে স্বাভাবিকের তুলনায় ৩৩ শতাংশ কম বৃষ্টিপাত হয়। ফেব্রুয়ারি মাসে বৃষ্টিপাতের পরিমাণ ছিল স্বাভাবিকের চেয়ে ৪৯ শতাংশ কম। মার্চ মাসে মাত্র ২৮ মিলিমিটার বৃষ্টিপাত দিয়ে মাস শেষ হয়, যা ছিল স্বাভাবিকের তুলনায় ৪৭ দশমিক ৮ শতাংশ কম। সর্বশেষ গত এপ্রিল মাসে বরিশাল অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ছিল স্বাভাবিক ১৩২ মিলিমিটারের চেয়ে ৩ মিলিমিটার বেশি। কিন্তু এরপরও ১৪ এপ্রিল থেকে পুরো মে মাস এখানে মৃদু ও মাঝারি তাপপ্রবাহ অব্যাহত আছে।
২০১৪ সালের মার্চ মাসে বরিশাল অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ছিল স্বাভাবিকের চেয়ে প্রায় ৮৪ ভাগ কম। তার আগে ফেব্রুয়ারিতে এটা ছিল প্রায় ১৮ ভাগ কম।
কলাপাড়া রাডার স্টেশনের ইনচার্জ প্রদীপ কুমার চক্রবর্তী গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, দক্ষিণাঞ্চলের আকাশে কয়েক দিন ধরে হালকা মেঘ দেখা গেলেও বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই নেই।
আমতলী উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এ উপজেলায় এ বছর ৪ হাজার ৬০০ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়। গত বছর উপজেলার তরমুজ আবাদ হয়েছিল সাড়ে তিন হাজার হেক্টর জমিতে। কিন্তু তীব্র খরার কারণে স্বাভাবিক ফলন না হওয়ায় প্রায় সাড়ে চার হাজার তরমুজ চাষি লোকসানের মুখে পড়েছেন।
কৃষকেরা জানান, সেচ, বীজ, সার, কীটনাশক ও শ্রমিকদের মজুরিসহ বিঘাপ্রতি ছয়-সাত হাজার টাকা খরচ হয়। এলাকার বিভিন্ন মহাজনের কাছ থেকে দাদন ও ধারদেনা করে এ ব্যয় মেটান তাঁরা। উপজেলার রাওঘা গ্রামের কৃষক সফিউর রহমান বলেন, তিনি এবার ৩৫ হাজার টাকা খরচ করে ছয় বিঘা জমিতে তরমুজ চাষ করেন। অথচ দুই হাজার টাকার তরমুজও বিক্রি করতে পারেননি। সফিউর আরও বলেন, ‘খরায় আমাগো কপাল পোড়ছে।’ আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা এস এম বদরুল আলম বলেন, তীব্র খরার কারণে অধিকাংশ তরমুজচাষি লোকসানে আছেন।
বরগুনা সদরের নিশানবাড়িয়া এলাকার কৃষক হারুন হাওলাদার বলেন, তিনি প্রায় ৬০ শতক জমিতে এবার বোরো ধান আবাদ করেন। ধান পুষ্ট হওয়ার সময় তীব্র খরার সৃষ্টি হয়। এতে বেশির ভাগ ধান চিটা হয়ে গেছে। সদরের খাজুরতলা গ্রামের কৃষক আবুল হোসেন হাওলাদার (৬৫) বলেন, ‘আউশ ধানের জন্য এক মাস আগে বীজতলা করছি। কিন্তু বৃষ্টিপাত না অওনে বীজ রোপণ করতে পারি নাই। বীজ শুকাইয়্যা গ্যাছে।’