খরায় ঝরে পড়ছে লিচু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড খরায় ঝরে পড়ছে পাবনার ঈশ্বরদীর প্রধান অর্থকরী ফল লিচু। এ বছর বাম্পার ফলনের আশা দেখিয়েও খরার কারণে লিচু ঝরে পড়ায় দুঃশ্চিন্তায় পড়েছেন চাষিরা। তীব্র খরায় লিচু ফেটে যাচ্ছে, আকারে ছোট হচ্ছে এবং কালো দাগ দেখা দিয়েছে।

এদিকে দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে ঈশ্বরদীর লিচুচাষিরা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার মহাজনদের কাছে এ বছর তাঁদের লিচুগাছ বিক্রি করতে পারছেন না। উপজেলা কৃষি কর্মকর্তা খুরশিদ আলম জানান, ঈশ্বরদী দেশের অন্যতম বৃহৎ লিচু চাষের এলাকা। অতিরিক্ত খরার কারণে লিচু ঝলসে যাওয়ায় চাষিরা এবার তাঁদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। চাষিরা অনুখাদ্য মনে করে অতিমাত্রায় সার ও কীটনাশক প্রয়োগ করার কারণেও লিচু ঝরে পড়তে পারে। পরামর্শ ছাড়া কোনো অনুখাদ্য না দেওয়ার জন্য চাষিদের প্রতি আহ্বান জানান তিনি।

উপজেলার বক্তারপুর গ্রামের লিচুচাষি আমজাদ হোসেন জানান, এক মাস আগে ঈশ্বরদীতে কয়েক পশলা বৃষ্টি হয়। বৃষ্টির ফলে গাছে লিচু ঝরে পড়া বন্ধ থাকে। কিন্তু বৃষ্টিপাত না হওয়ায় আবারও চাষিরা চিন্তায় পড়ে যান। পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের চাষি আকাত উল্লাহ্ জানান, এক মাস ধরে বৃষ্টিপাত না হওয়ায় এখন গাছের লিচু ঝরে পড়ছে, আকারে ছোট হচ্ছে এবং লিচুতে কালো দাগ দেখা দিয়েছে। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর ঈশ্বরদীতে লিচুগাছে প্রচুর মুকুল এসেছিল। ফলে তারাও লিচুর বাম্পার ফলনের আশা করেছিল। এ বছর ঈশ্বরদীতে দুই হাজার ৩৫১ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। এর মধ্যে এক লাখ ২৬ হাজার গাছে লিচুর ফল এসেছিল। এ বছর ৬০০ কোটি টাকার লিচু বিক্রির আশা করেছিল কৃষি বিভাগ। গত বছর ঈশ্বরদীতে দুই হাজার হেক্টর জমিতে লিচু আবাদ হয় এবং ৩০০ কোটি টাকার লিচু বিক্রি হয়।

চাষিরা আরও জানান, হরতাল, অবরোধ ও পরিবহন ধর্মঘটের আশঙ্কায় অন্য জেলার কোনো মহাজন লিচুবাগান কিনতে ঈশ্বরদীতে আসছেন না। এ কারণে এ বছর চাষিরা আর্থিকভাবে চরম ক্ষতির মধ্যে পড়বেন। সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া গ্রামের লিচু চাষি আদম আলী বিশ্বাস জানান, তাঁর ৪০০ লিচুগাছে এবার ভালো ফলন হয়েছে। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে তিনি একটি গাছও এ বছর বিক্রি করতে পারেননি।

মানিকনগর গ্রামের চাষি আবদুল হক জানান, তাঁর বাড়িতে ১৫০টি লিচুগাছ রয়েছে। হরতাল, অবরোধের কারণে বাইরের কোনো পাইকারি ব্যবসায়ী না আসায় তিনি একটি গাছও বিক্রি করতে পারেননি।

ঢাকার পাইকারি লিচু ব্যবসায়ী তরিকুল ইসলাম জানান, বাগান থেকে তুলে আনার পর লিচু এক দিনের বেশি রাখা যায় না। রাজনৈতিক অস্থিরতার মধ্যে বড় ধরনের লোকসানের আশঙ্কায় তাঁরা এবার বাগান কেনা থেকে বিরত আছেন।