খরায় পুড়ছে ফসলের খেত, পাট জাগের পানি নেই
‘আর সব বছর এ সময় খেতে কোমর সমান পানি থাকে। অথচ এবার পানির অভাবে ধানের চারা খেতেই শুকায়া যাচ্ছে।’
পাবনার সাঁথিয়া উপজেলার ছেঁচানিয়া গ্রামের কৃষক আলিম উদ্দিন এ কথাগুলো বলেন। মাস দুয়েক আগে গ্রামের পার্শ্ববর্তী বিলের তিন বিঘা জমিতে প্রতিবারের মতো আমনের বীজ ছিটিয়েছিলেন। বীজ থেকে যে চারা গজিয়েছিল; খরায় তা মরে গেছে। চার দিন আগে একই জমিতে আবারও বীজ ছিটিয়েছেন। কিন্তু বৃষ্টি না হওয়ায় এবারও চারা গজানো ও বড় হওয়া নিয়ে শঙ্কিত তিনি।
তীব্র খরায় পাবনার বেড়া ও সাঁথিয়া উপজেলার বেশির ভাগ আমন খেতেরই এখন এমন অবস্থা। তবে বৃষ্টির অভাবে শুধু আমন খেতেরই নয়, মরিচ চাষেও দেখা দিয়েছে বিপর্যয়। এ ছাড়া পাট জাগ দেওয়ার সময় এলেও পানির অভাবে কৃষকেরা জাগ দিতে পারছেন না।
কৃষক ও স্থানীয় কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, বীজতলায় আমনের চারার বয়স পেরিয়ে গেলেও কৃষকেরা তা জমিতে রোপণ করতে পারছেন না। কিছু কিছু এলাকায় চারা লাগানো হলেও সেগুলো মাঠেই শুকিয়ে যাচ্ছে। এ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের।
খরার আঁচ লেগেছে মরিচের খেতেও। মরিচ উৎপাদনের জন্য সুখ্যাত বেড়া-সাঁথিয়ার বেশির ভাগ মরিচগাছই শুকিয়ে যাচ্ছে। গত রোববার সাঁথিয়ার আফতাবনগর গ্রামের ফরিদ উদ্দিনের মরিচের খেতে গিয়ে দেখা যায়, খরায় মরিচগাছগুলো কুঁকড়ে গেছে। তিনি জানান, এক বিঘা জমিতে অন্তত ৩০ মণ মরিচ আশা করেছিলেন। কিন্তু পেয়েছেন কেজি দশেক। তিনি বলেন, ‘বর্ষাকালে এরম (এমন) খরা হতি পারে তা কল্পনাও করি নাই। গত দুই সপ্তাহ ধরে উল্লেখ করার মতো বৃষ্টিপাত হয়নি। খরায় আমরা শ্যাষ হয়া গেলাম।’
বৃষ্টির অভাবে কৃষকেরা পাটও জাগ দিতে পারছেন না। পাট কাটার সময় পার হতে চললেও অনেক কৃষক পাট না কেটে বৃষ্টির জন্য অপেক্ষা করছেন। কৃষকেরা জানান, জমি থেকে পাট কাটার পর সেই জমিতেই আমনের চাষ করতে হয় বলে দ্রুত পাট কাটা দরকার। কোনো কোনো এলাকার কৃষককে এ জন্য বাধ্য হয়ে পাট কেটে নছিমন বা করিমনে করে ইছামতি নদী অথবা দূরবর্তী বিলে পাট নিয়ে যেতে দেখা গেছে। তবে এ জন্য কৃষকদের ব্যয় অনেক বেড়ে যাচ্ছে।
সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, ‘আমন মৌসুমের জন্য এখনো সময় পড়ে আছে। এর মধ্যে বৃষ্টি হলেই অবস্থার উন্নতি হবে। আর এ এলাকার মরিচ চাষের মৌসুম এখন শেষের দিকে। এ জন্য এমনিতেই মরিচের ফলন কম হওয়ার কথা। এর ওপর খরা পরিস্থিতির কারণে ফলন আরও কমে গেছে। আর পাটচাষিদের আমরা রিবন রেটিং পদ্ধতিতে পাট জাগ দেওয়ার ব্যাপারে আগ্রহী করার চেষ্টা করছি।’