খরার কবলে আমন খেত, চিন্তিত কৃষক
রংপুরের বদরগঞ্জ উপজেলায় খরার কবলে পড়েছে রোপা আমন। মাস দেড়েক ধরে উপজেলায় কোনো বৃষ্টি হয়নি। কৃষকেরা অনেকে রোপা আমন রক্ষায় সেচপাম্প বসিয়ে খেতে পানি সেচ দিচ্ছেন। এতে তাঁদের খরচ বাড়ছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয় ১৯ হাজার ৫৮০ হেক্টরে। জুনের শেষ সপ্তাহ থেকে আমন চারা রোপণ শুরু হয়। চলবে ২৫ আগস্ট পর্যন্ত। কৃষি বিভাগের হিসাবমতে, গত মঙ্গলবার পর্যন্ত উপজেলায় আমন চারা রোপণ করা হয়েছে ১৯ হাজার ৫৫৫ হেক্টর জমিতে। পানির অভাবে অনেক খেতে ইউরিয়া সার প্রয়োগ করতে পারছেন না কৃষকেরা।
উপজেলার কালুপাড়া ইউনিয়নের চইন ব্যাপারীপাড়া গ্রামের কৃষক বাবলু মিয়া তাঁর চার বিঘা জমিতে আমন চারা রোপণ করেছেন দেড় মাস আগে। তিনি বলেন, ‘ভূই গাড়ার (জমি রোপণ) পর থাকি পানি হয় নাই। গাছ বাড়োয়ছে না। পানির অভাবে ভূই ফাটি ফাটি গেইছে। ঘাসোতে মুন্দি (ভর্তি) গেইছে ধানবাড়ি। এক বিঘা মাটি ১২ দিন থাকি নেলাওচো (নিড়ানি) তাও শ্যাষ কইরবার পারি নাই। পানি হইলে এতো ঘাসও হইলো না হয়। ধানের গাছও বাড়িল হয়।’
আমরুলবাড়ি গ্রামের কৃষক রহমত আলী (৫২) বলেন, ‘বাবা দিন দুনিয়া বুজিক পাল্টি গেলো। যখন পানি হওয়ার দরকার তখন হয় না, যখন দরকার নাই তখনে পানি হয়। আগোত পানি ছেঁকিয়া (সেচ) ইরি ধান গাড়ছেনো। হেউতা ধানের (আমনে) সময় আকাশের পানিতে ভরি যাইতো। আর এলা হেউতাও আবাদ করতে পানি ছেকপের নাগোছে। কোন যুগ যে আসিল।’ একই গ্রাম আমরুলবাড়ির কৃষক আমিনুল ইসলাম (৪৮) বলেন, ‘প্রচণ্ড রোদে ধানখেত ফেটে গেছে। দিনরাতে বেশি সময় লোডশেডিং চলছে। খেতে পানিও দিতে পারছি না। আবাদ রক্ষায় চিন্তায় আছি।’
জামালপুর গ্রামের কৃষক আবদুস সালাম (৪৫) বলেন, ‘দেড় মাস থাকি বৃষ্টির দেখা নাই। রোইদে মাঠ-ঘাট খাঁ খাঁ করোছে। দুদিন পরপর আমন খেতোত পানি দেওচি। আবাদ তো বাঁচপার নাগবে। এইভাবে আবাদ করলে খরচ বাড়ি যাইবে, পোষপার নেয়। হামার মরণ ছাড়া উপায় নাই।’
এ ব্যাপারে লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ডলু শাহ বলেন, ‘এবারে আমন খেত প্রচণ্ড খরার কবলে পড়েছে। আমন ধান বৃষ্টির ওপর নির্ভরশীল। কিন্তু অনেক দিন ধরে বৃষ্টি নেই। কৃষকেরা বৃষ্টির আশায় আকাশের দিকে চেয়ে আছেন। কারণ, আমনের জমিতে পানি সেচ দেওয়ার জন্য অনেক স্থানে নালার কোনো ব্যবস্থা নেই।’
উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, ‘প্রচণ্ড রোদের কারণে উঁচু জমিগুলোতে পানি শুকিয়ে গেছে। আমরা এ কারণে কৃষকদের আমন খেতে সম্পূরক সেচের পরামর্শ দিয়ে লিফলেট বিতরণ করেছি। এই মুহূর্তে রোপা আমনে ইউরিয়া প্রয়োগ করা জরুরি। কিন্তু বৃষ্টি না হওয়ায় অনেক কৃষক তা প্রয়োগ করতে পারছেন না। সম্ভব হলে খেতে পানি সেচ দিয়ে ইউরিয়া প্রয়োগ করতে হবে। খেতে পানি না থাকলে ধানগাছের গোড়া থেকে নতুন চারা গজাবে না। এতে ফলন কমে যাবে।