খরাসহিষ্ণু চায়ের জাত উদ্ভাবন
চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) বিজ্ঞানীরা বিটি-১৮ নামের আরও একটি উন্নত চায়ের জাত উদ্ভাবন করেছেন। ১৭ বছর মাঠপর্যায়ে গবেষণার পর সম্প্রতি এটি অবমুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট গবেষকেরা বিটি-১৮ জাতকে খরাসহিষ্ণু বলে দাবি করেছেন।চা-বাগানগুলোকে প্রায় প্রতিবছরই খরা পরিস্থিতি মোকাবিলা করতে হয়। খরায় উৎপাদনে বিপর্যয় দেখা দেয়। বিটিআরআই সূত্র জানায়, এ সমস্যা থেকে রেহাই পেতে তাদের বিজ্ঞানীরা কয়েক দশক ধরে খরাসহিষ্ণু নতুন জাত উদ্ভাবনে গবেষণা করছেন। এর ধারাবাহিকতায় তাঁরা ২০০৬ সালে বিটি-১৭ এবং সম্প্রতি বিটি-১৮ উদ্ভাবনে সক্ষম হয়েছেন। বিজ্ঞানীদের দাবি, বিটি-১৭ জাতের চেয়ে বিটি-১৮ অনেক বেশি খরাসহিষ্ণু।সংশ্লিষ্ট সূত্র জানায়, চা গবেষণা ইনস্টিটিউটের বর্তমান ভারপ্রাপ্ত পরিচালক মুকুলজ্যোতি দত্ত হবিগঞ্জের খরাপ্রবণ আমু চা-বাগান থেকে বাছাই করা আসাম হাইব্রিড জাতের সঙ্গে বিটিআরআইয়ের উদ্ভাবিত একটি জাতের সংকর করে ১৯৯৩ সালে এই গবেষণা শুরু করেন। গত ১৭ বছর বিটিআরআইয়ের পরীক্ষণ খামারে গবেষণাকালে এটি খরাসহিষ্ণু হিসেবে প্রমাণিত হয়েছে। জানা যায়, বিটিআরআইয়ের বিলাসছড়া পরীক্ষণ খামারে পরিণত অবস্থায় (সপ্তম বছর) বিটি-১৮ জাতের বার্ষিক গড় উৎপাদন ছিল হেক্টরপ্রতি তিন হাজার ৭৭৭ কেজি তৈরি চা। রোপণ-পরবর্তী নবম বছরে উৎপাদন ছিল চার হাজার ৬১৮ কেজি তৈরি চা, যা ছিল বিটি-১৮ ক্লোনটির পরীক্ষা চলাকালীন এক বছরের সর্বোচ্চ উৎপাদন রেকর্ড।বিটিআরআইয়ের ভারপ্রাপ্ত পরিচালক মুকুলজ্যোতি দত্ত প্রথম আলোকে বলেন, চা গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত আদর্শ, উচ্চফলনশীল ও উচ্চমানসম্পন্ন ১৭টি চায়ের জাত অবমুক্ত করেছে। বিটি-১৮ খরাপ্রবণ চা চাষ এলাকার জন্য অত্যন্ত উপযোগী হবে। কিছু দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এটি অবমুক্ত করা হবে।