কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জানিয়েছেন, সরকারের প্রতিষ্ঠানগুলো বন্যা, খরা, লবণাক্ততা ও অধিক তাপসহিষ্ণু ফসলের জাত উদ্ভাবনে গবেষণা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট হাইব্রিড ধানসহ বিএডিসি খরাসহিষ্ণু ও স্বল্পমেয়াদি জাত হিসেবে আফ্রিকা থেকে আনা নেরিকা-১ ধানের জাতের অভিযোজন পরীক্ষা করছে।জাতীয় সংসদে গতকাল রোববার টেবিলে উত্থাপিত সালমা ইসলামের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এ কথা জানান। এ বি এম আশরাফ উদ্দিনের প্রশ্নের জবাবে তিনি জানান, কৃষির উন্নয়নে বিজ্ঞানীদের অবদান রয়েছে। সে জন্য সরকার প্রতিভাবান বিজ্ঞানীদের চাকরি থেকে অবসরের বয়সসীমা ৬০ বছর করার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।সানিজদা খানমের প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী জানান, কৃষি উপকরণ সহায়তা কার্ড প্রদান প্রকল্পের আওতায় এ পর্যন্ত কৃষকদের মধ্যে এক কোটি ৩৯ লাখ ৬৫ হাজার কার্ড বিতরণ করা হয়েছে। দেশে খাসজমি প্রায় ১৮ লাখ একর: সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী রেজাউল করিম জানান, দেশে খাসজমির পরিমাণ প্রায় ১৮ লাখ একর। এর মধ্যে কৃষিজমি সোয়া ১১ লাখ একর। নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারি পরিসংখ্যান অনুযায়ী দেশে ভূমিহীন পরিবারের সংখ্যা ৩১ লাখ ৯৯ হাজার ২৮১টি। এসব পরিবারের লোকসংখ্যা হচ্ছে এক কোটি ৪৩ লাখ ৯৬ হাজার ৭৬৪ জন। বর্তমান মহাজোট সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত এক লাখ এক হাজার ২৩৫টি ভূমিহীন পরিবারকে ৫২ হাজার ১৭৪ দশমিক ৮২ একর কৃষি খাসজমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। বেনজীর আহমদের প্রশ্নের জবাবে বনমন্ত্রী হাছান মাহমুদ জানান, গত তিন বছরে পরিবেশদূষণের কারণে ৫৪৩টি প্রতিষ্ঠানকে প্রায় ৬২ কোটি টাকা জরিমানা করা হয়েছে। একই সময় পরিবেশদূষণকারী ৫০১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনায় অংশ নেন গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, শাহীন মনোয়ারা হক, মারুফ সাকলান, এস কে আবু বাকের, মোস্তফা ফারুক মোহাম্মদ, তানভীর শাকিল, পিনু খান, মমতাজ বেগম, মাহফুজা মণ্ডল, ইলিয়াছ উদ্দিন মোল্লাহ্, খাদিজা খাতুন প্রমুখ।এরপর সংসদের অধিবেশন আজ সোমবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত মুলতবি করা হয়।