খরায় আক্রান্ত ভূমির পরিমাণ ৫৫ লাখ হেক্টর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে এক কর্মশালায় বলা হয়েছে, দেশে মধ্যম থেকে উচ্চমাত্রায় খরায় আক্রান্ত ভূমির পরিমাণ ৫৫ লাখ হেক্টর। কোনো বিরতি না দিয়ে জমিতে পরপর বিভিন্ন ফসলের চাষ করা, প্রাকৃতিক পরিবর্তন ও নানা কারণে নদী শুকিয়ে যাওয়ায় এবং জলবায়ু পরিবর্তনের কারণে ভূমির অবক্ষয় হচ্ছে, যা দীর্ঘমেয়াদি মরুময়তা সৃষ্টি করতে পারে।
এলজিইডি মিলনায়তনে গতকাল রোববার মরুময়তা, ভূমির অবক্ষয় ও খরা মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করতে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়। পরিবেশ অধিদপ্তর ও জাতিসংঘের বৈশ্বিক পরিবেশ তহবিলের (জিইএফ) যৌথ আয়োজনে এই কর্মশালায় সরকারি ও বেসরকারি পর্যায়ের বিশেষজ্ঞরা অংশ নেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমেদ বলেন, দেশে বর্তমানে তাপমাত্রা যে হারে বাড়ছে তা অব্যাহত থাকলে ২০৩০ সাল নাগাদ দেশের তাপমাত্রা আরও ১ ডিগ্রি বাড়বে। ২১০০ সালের মধ্যে বাড়বে ২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর প্যারিস জলবায়ু সম্মেলনের লক্ষ্যমাত্রা অনুযায়ী এই শতাব্দীর মধ্যে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ ২ ডিগ্রির নিচে রাখার সিদ্ধান্ত হয়েছে। কামাল উদ্দিন বলেন, গত ৬০ বছরে ২০ বারের বেশি খরা দেশের আর্থসামাজিক অবস্থাকে বিপন্ন করেছে। ১৯৭৪ সালে দেশে দুর্ভিক্ষের বড় কারণও ছিল খরা। তাই খরা প্রতিরোধে আন্তর্জাতিক অঙ্গীকারের অংশ হিসেবে সরকার মরুময়তা রোধে জাতীয় পরিকল্পনা চূড়ান্ত করছে।
কর্মশালায় মূল গবেষণা প্রবন্ধ তুলে ধরেন সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিসেসের (সিইজিআইএস) দলনেতা শেখ গোলাম হোসেইন। তিনি ২০২৫ সাল পর্যন্ত মরুময়তা রোধে কর্মপরিকল্পনার খসড়া তুলে ধরেন।
কর্মশালায় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক (পানি ও জীববৈচিত্র্য) মো. সোহরাব আলী বলেন, ‘বাংলাদেশে মরুময়তা এখনো দেখা না দিলেও একই জমিতে বিরতি ছাড়া চাষাবাদ ও নানা প্রাকৃতিক কারণে ভূমির অবক্ষয় দেখা দিয়েছে।’
কর্মশালায় বক্তারা বলেন, ১৯৯২ সালে ব্রাজিলের রিও শহরে বিশ্ব ধরিত্রী সম্মেলনে জলবায়ু পরিবর্তন-বিষয়ক কাঠামো সনদ (ইউএনএফসিসিসি), জীববৈচিত্র্য-বিষয়ক সনদ (সিবিডি) ও মরুময়তা-বিষয়ক সনদ (ইউএনসিসিডি) অনুমোদন হয়। বাংলাদেশ ওই তিনটি সনদে স্বাক্ষর করেছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ মরুময়তা রোধে ওই কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে।
কর্মশালায় পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. রইছউল আলম মণ্ডল, অতিরিক্ত মহাপরিচালক কাজী সারওয়ার ইমতিয়াজ হাশমী, পরিচালক সুলতান আহমেদ ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা সংস্থার (বিনা) সাবেক মহাপরিচালক এম এস সাত্তার বক্তব্য দেন।