খরায় চা-বাগানে 'লাল মাকড়সার' আক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড খরায় মৌলভীবাজারের জুড়ী ভ্যালির (জুড়ী, কুলাউড়া ও বড়লেখার ২২টি চা-বাগান নিয়ে গঠিত) বিভিন্ন চা-বাগানে ‘লাল মাকড়সার’ আক্রমণ দেখা দিয়েছে। এতে চা-গাছে নতুন গজানো কুঁড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সম্প্রতি জুড়ী ও বড়লেখা উপজেলার কয়েকটি চা-বাগান ঘুরে দেখা গেছে, নতুন গজানো চায়ের কুঁড়িগুলো ‘লাল মাকড়সা’ নষ্ট করে ফেলেছে। অনেক গাছ পাতাশূন্য হয়ে পড়েছে। কিছু জায়গায় চা-গাছের পাতা লালচে হয়ে গেছে। বড়লেখার সমনভাগ চা-বাগানের মহাব্যবস্থাপক শাহজাহান আখন্দ জানান, গত বৃহস্পতিবার বাগানে তাপমাত্রা ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল। গতকাল শুক্রবার দুপুরের দিকে তা ছিল ৩৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। অথচ চায়ের কুঁড়ি গজানোর জন্য ২৫ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও ২০ থেকে ২৫ ইঞ্চি বৃষ্টি দরকার। এ পর্যন্ত সর্বোচ্চ সাড়ে পাঁচ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে। ভ্যালির অধিকাংশ চা-বাগানে প্রায় একই অবস্থা। শাহজাহান আখন্দ বলেন, এপ্রিল মাস থেকে চা-গাছে কুঁড়ি গজানো শুরু হয়।
খরায় এক থেকে ১০ বছর বয়সী চা-গাছে লাল মাকড়সার আক্রমণ ঘটেছে বেশি। এটা চা-গাছের জীবনচক্র নষ্ট করে ফেলে। এ ছাড়া, প্রখর সূর্যতাপে চা-গাছের কুঁড়ি ঝলসে যাচ্ছে। বৃষ্টি হচ্ছে না। এর ফলে মাটি আর্দ্র না থাকায় সার দেওয়া যাচ্ছে না। এতে চায়ের ফলন কম হবে। জুড়ীর কাপনাপাহাড় চা-বাগানের ব্যবস্থাপক কামরুল হাসান ও শিলুয়া বাগানের ব্যবস্থাপক এস কে বড়ুয়া জানান, তাঁদের বাগানের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে লাল মাকড়সা আক্রমণ করেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় কীটনাশক ছিটিয়ে দেওয়া হচ্ছে। ধামাই চা-বাগানের ব্যবস্থাপক গোপাল শিকদার জানান, লাল মাকড়সার আক্রমণে ধামাইসহ তাঁদের কোম্পানির আশপাশের সোনারুপা ও আতিয়াবাগ বাগানের প্রায় ৫০ হেক্টর জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাপমাত্রা অনুকূল ও বৃষ্টিপাত হলে এসব জায়গায় কমপক্ষে চার সপ্তাহ পর নতুন কুঁড়ি গজাতে পারে বলে তিনি জানান।