খরায় ঝরে পড়ছে আম-লিচুর গুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে দিনের তাপমাত্রা ৪০। রাতে সেই তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাচ্ছে। খরা আর দাবদাহে আম, লিচুর মুকুল ও গুটি ঝরে পড়ছে। এ ছাড়া রাসায়নিক মিশিয়ে ককটেল বানিয়ে ছিটিয়ে দেওয়ায় বাগানগুলো হুমকির মুখে পড়েছে। এসব কারণে এবার আম ও লিচুর ফলনে বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে কৃষি বিভাগ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত কয়েক বছরে জেলায় বাণিজ্যিকভাবে প্রায় ১০ হাজার হেক্টর জমিতে আম ও লিচুর বাগান গড়ে উঠেছে। এতে অন্তত ১৫ হাজার আম ও লিচুর গাছ রয়েছে। আম ও লিচুর ফলন নির্ভর করে মূলত প্রাকৃতিক পরিবেশের ওপর। এবার প্রচুর মুকুল ও গুটি ধরলেও খরা আর দাবদাহে ঝরে পড়ছে। ইতিমধ্যে প্রায় ৫০ ভাগ আমের গুটি ঝরে পড়েছে।
সদর উপজেলার চাকলা এলাকার বাগানমালিক জসিয়ার রহমান বলেন, প্রচণ্ড খরা আর দাবদাহে লিচুর গুটি ঝরে পড়ছে। সেচ দিয়েও গুটি ঝরে যাওয়া ঠেকানো যাচ্ছে না।
তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি এলাকার বাগানমালিক ইয়াছিন আলী বলেন, এবার আমের প্রচুর গুটি এলেও খরায় ঝরে পড়েছে।
পঞ্চগড় জেলা পরিবেশ পরিষদের সভাপতি ও পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষক তোহিদুল বারী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণেই আম ও লিচুর ফলনে বিরূপ প্রভাব পড়ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নজরুল ইসলাম বলেন, পঞ্চগড় এলাকায় দিনে তাপমাত্রা ৪০ আর রাতে ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাচ্ছে। গত বছর ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হলেও চলতি মার্চ ও এপ্রিল মাসে এবার কোনো বৃষ্টিপাত হয়নি। তাপমাত্রা যখন ৩৫ ডিগ্রিতে উঠে যায়, তখন গাছের শোষণ বাড়ে। ফলে অ্যাবসাইটিক অ্যাসিড জমে ফুল ও ফলের বোঁটা আলগা হয়ে ঝরে পড়ছে। এ ছাড়া কীটনাশক ও ছত্রাক দমনের রাসায়নিক এবং হরমোন নিয়ন্ত্রণের ওষুধ মিশিয়ে ককটেল বানিয়ে গাছে ছিটিয়ে দেওয়ায় তা ফলনে বিরূপ প্রভাব ফেলছে। এতে গাছের দীর্ঘমেয়াদি বিরূপ প্রভাব ছাড়াও তা মানবদেহের জন্য হুমকি হয়ে দেখা দিতে পারে।