খরায় পুড়ছে খেতের ফসল, উৎপাদন কমার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র খরায় পটুয়াখালী ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ফসলের খেত পুড়ে যাচ্ছে।

খরা কেড়ে নিয়েছে কৃষকের মুখের হাসি। খরার কারণে ফসল উৎপাদন কমার আশঙ্কা করছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। এ অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।

আমাদের আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো খবর:

পটুয়াখালী: ব্যাপক ক্ষতির মুখে পড়েছে খেতের মুগ, মরিচ, চিনাবাদামসহ উঠতি রবি ফসল। খরার কারণে আউশের আবাদ শুরু করতে না পারায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের শিক্ষক সুলতান আহমেদ বলেন, ফসল উৎপাদনের সঙ্গে রোদ, বৃষ্টি, তাপমাত্রা, জোয়ার-ভাটার পানি—সবকিছুই জড়িত। কিন্তু আবহাওয়ার তারতম্য ঘটায় এর প্রভাব পড়বে ফসল উৎপাদনের ওপর। আউশ আবাদের মৌসুম শুরু হয়ে গেছে অথচ বৃষ্টি হচ্ছে না। যত দেরি হবে, ততই ফসল উৎপাদন কম হবে বলে মনে করছেন তিনি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের তথ্য অনুযায়ী, রবি মৌসুমে জেলায় ৬২ হাজার ২৮০ হেক্টর জমিতে মুগ, নয় হাজার ৮২০ হেক্টর জমিতে মরিচ, পাঁচ হাজার ৭৬০ হেক্টরে বাদাম, পাঁচ হাজার ৯৭০ হেক্টর জমিতে তিল, ৪৬৮ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে। কিন্তু তীব্র খরার কারণে খেতেই এসব ফসল পুড়ে ব্যাপক ক্ষতি হচ্ছে।

সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের কাঁকড়াবুনিয়া গ্রামের কৃষক সোবাহান আকন জানান, তাঁরা দুই ভাই মিলে ১২ শতাংশ জমিতে তিলের চাষ করেছেন। খরচ হয়েছে প্রায় দেড় হাজার টাকা। কিন্তু বৃষ্টির অভাবে খেত শুকিয়ে তিল নষ্ট হয়ে যাচ্ছে। কালিকাপুর এলাকার কৃষক খালেক প্যাদা জানান, খরায় তাঁর খেতের পাশের খাল শুকিয়ে গেছে। পানির অভাবে এখনো তিনি বীজতলা করতে পারেননি। কীভাবে আউশের আবাদ করবেন, তা নিয়ে তিনি চিন্তিত।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পটুয়াখালী কার্যালয়ের শস্য উৎপাদন বিশেষজ্ঞ মুহাম্মদ জিয়াউল ইসলাম বলেন, বৃষ্টি নেই। তীব্র খরা, তাপমাত্রা বেড়ে গেছে। এই খরায় উঠতি রবি ফসলের উৎপাদন শতকরা ২০ ভাগ কম হবে বলে মনে করছেন তাঁরা।

কুষ্টিয়া: দাবদাহে পুড়ছে চরের বাদামগাছ। চলতি মৌসুমে দৌলতপুর উপজেলার চারটি ইউনিয়নের চরাঞ্চলে প্রায় ৬১০ হেক্টর জমিতে চিনাবাদাম চাষ করা হয়েছে। বিস্তীর্ণ চরাঞ্চলের বাদামগাছ তীব্র খরায় শুকিয়ে গেছে। চিলমারী এলাকার বাদামচাষি আবদুর রহমান জানান, এ বছর ছয় বিঘা জমিতে তিনি বাদাম চাষ করেছেন। বৃষ্টি না হওয়ায় জমির সব বাদামগাছ শুকিয়ে গেছে। জসিম শিকদার নামের অন্য এক চাষি জানান, সেচ দিয়ে বাদাম চাষ করায় যে পরিমাণ খরচ হচ্ছে, বাদাম বিক্রি করে তা উঠবে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে। বৃষ্টির দেখা না মেলায় আউশ ধান বপন করতে পারছেন না কৃষকেরা।

কালু ফরাজী নামের এক বোরোচাষি জানান, অনাবৃষ্টির ফলে ধানের ফলন ভালো হয়নি। চিলমারী ইউপির চেয়ারম্যান সৈয়দ আহমেদ জানান, চরাঞ্চলের বাদামখেত অনাবৃষ্টির কারণে শুকিয়ে গেছে। তীব্র খরার কারণে আউশ ধান ও পাট বপন করতে পারছেন না কৃষকেরা।

দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রেজাউল করিম জানান, এটা প্রাকৃতিক বিষয়। খরার কারণে বাদামগাছ শুকিয়ে নেতিয়ে যাচ্ছে। বৃষ্টির পানির বিকল্প নেই। খরার কারণে এবার ফলন কম হতে পারে।