খরায় পুড়ছে দক্ষিণাঞ্চল চিটা হয়ে যাচ্ছে ধান
তীব্র খরা ও তাপপ্রবাহে পুড়ছে সমগ্র দক্ষিণাঞ্চল। গত ৫০ বছরের মধ্যে এবারই সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে বরিশালসহ দক্ষিণাঞ্চলের সর্বত্র। বরিশালে ২০ ও ২২ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় তা বৃহস্পতিবার ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে; যা স্বাভাবিকের চেয়ে ছয় ডিগ্রি সেলসিয়াসের বেশি।
এদিকে কয়েক দিন ধরে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দক্ষিণাঞ্চলের নদ-নদীর অববাহিকা মাঝারি কুয়াশায় ঢেকে থাকছে। আবহাওয়াবিদেরা বলেছেন, এটা কুয়াশা নয়, একধরনের ধোঁয়াশা মেঘ (হেইজি)। আবহাওয়ার এ বিরূপ আচরণে মৌসুমি ফলসহ জনস্বাস্থ্যের ওপর ব্যাপক বিরূপ প্রভাব পড়ছে। বৃষ্টির অভাবে এ অঞ্চলের অন্যতম মৌসুমি ফল তরমুজের মিষ্টতা অর্জন ও যথাযথ বৃদ্ধি ব্যাহত হচ্ছে। খরার কবলে পড়ে বোরো ধান চিটা হয়ে যাচ্ছে এবং আউশ আবাদ থমকে গেছে।
কলাপাড়া আবহাওয়া কার্যালয়ের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার এখানে বছরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার থেকে দক্ষিণাঞ্চলের আকাশে হালকা মেঘ দেখা গেলেও বৃষ্টির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আবহাওয়াবিদেরা।
বরিশাল ও কলাপাড়া আবহাওয়া কার্যালয়ের কর্মকর্তারা জানান, গত ২৪ মার্চের পর বরিশালসহ সমগ্র দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত হয়নি। গত মার্চ মাসে (২৪ মার্চের আগে) বরিশাল অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ ছিল স্বাভাবিকের চেয়ে প্রায় ৮৪ ভাগ কম। ফেব্রুয়ারিতে তা ছিল প্রায় ১৮ ভাগ কম। গত বছর মার্চ মাসেও সারা দেশে স্বাভাবিক অপেক্ষা ৮১ ভাগ কম বৃষ্টিপাত হয়েছিল। তবে এবার সামগ্রিকভাবে মার্চ মাসে সারা দেশে স্বাভাবিকের চেয়ে ৬৬ ভাগ কম বৃষ্টিপাত হয়েছে। পশ্চিমা লঘুচাপের সঙ্গে পূবালী বায়ুপ্রবাহের সংযোগ না ঘটায় দেশে এখনো বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট কম। ফলে উঠতি বোরোসহ রবি ফসলের অবস্থা ক্রমে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বৃষ্টিপাতের অভাবে পরিবেশ ক্রমে তপ্ত হচ্ছে। শিশু ও বৃদ্ধরা সর্দি-কাশি ও ভাইরাসবাহী জ্বরে খুব বেশি আক্রান্ত হচ্ছে। এদিকে বৃষ্টির অভাবে বরগুনাসহ দক্ষিণাঞ্চলের ইরি ও বোরো আবাদ থমকে গেছে। ফসলের খেতগুলো ফেটে চৌচির হয়ে যাওয়ায় কৃষকেরা ইরি ও বোরো আবাদ করতে পারছেন না।
বরগুনা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন বলেন, খরার কারণে বোরোর কিছু ক্ষতি হয়েছে। আউশ আবাদও সামান্য ক্ষতির মুখে পড়েছে। তবে এই খরা পরিস্থিতি আরও ১০-১৫ দিন স্থায়ী হলে এ অঞ্চলের কৃষিব্যবস্থা ব্যাপক ক্ষতির মুখে পড়বে।