খরায় পুড়ছে পাটগাছ মাকড়ের আক্রমণ
তীব্র দাবদহে নড়াইলের লোহাগড়া উপজেলায় পাটগাছ পুড়ে যাচ্ছে। এতে উপজেলায় এ মৌসুমে পাটের উৎপাদন মারাত্মক হ্রাসের আশঙ্কা করা হচ্ছে। অতিরিক্ত খরার কারণে মাকড়ের আক্রমণে পাটগাছের মাথা তামাটে ও কুঁকড়ে যাচ্ছে।উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১০ হাজার ৫২০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় তিন হাজার হেক্টরের পাটগাছ খরায় ইতিমধ্যে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। সাত দিনের মধ্যে বৃষ্টি না হলে অন্য সাড়ে সাত হাজার হেক্টরের আবাদও ক্ষতিগ্রস্ত হবে। উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ কর বলেন, তীব্র খরায় পাটগাছের পাতা শক্ত ও বিবর্ণ হয়ে যাচ্ছে। গাছ আঁকাবাঁকা হচ্ছে। এ ছাড়া অতিরিক্ত খরা ও মাকড়ের আক্রমণে পাটগাছের মাথা তামাটে হয়ে কুঁকড়ে যাচ্ছে। তিনি জানান, সাধারণত প্রতি একরে পাটের উৎপাদন ২৫-৩৫ মণ হয়। যেসব গাছের উচ্চতা এখন তিন ফুটের নিচে সেগুলোতে আর ফলন হবে না। বর্তমান অবস্থায় উপজেলায় পাটের উৎপাদন ৩০ ভাগ কম হবে। সাত দিনের মধ্যে বৃষ্টি না হলে উৎপাদন ৫০ ভাগ হ্রাস পাবে।উপজেলার জয়পুর ইউনিয়নের নারানন্দিয়া গ্রামের কৃষক গণেশ বিশ্বাস আড়াই একর জমিতে পাট চাষ করেছেন। তিনি বলেন, ‘আমার ৮০ ভাগ পাটগাছ খরায় পুড়ে গেছে। নারানন্দিয়া ও পুরুলিয়া মাঠের সব জমির একই অবস্থা। বৃষ্টির আশায় থেকে সেচ দেওয়া হয়নি।’ লোহাগড়া ইউনিয়নের চরকালনা গ্রামের কৃষক মফিজুর রহমান পাঁচ একর জমিতে পাট চাষ করেছেন। তিনি বলেন, পাটগাছের মাথা কুঁচকে গেছে। পাতা ছোট হয়ে আছে। গাছ মরা মরা ভাব। চেহারা তামাটে রঙের হয়েছে। এখন পাটগাছের উচ্চতা ছয়-সাত ফুট হওয়া উচিত ছিল, সেখানে উচ্চতা আছে দুই-তিন ফুট। একবার সেচ দেওয়া হয়েছিল। মাটিতে রস না থাকায় কাজ হচ্ছে না।উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ কর বলেন, বৃষ্টি না হওয়ায় এবং তীব্র খরায় মাটি শুষ্ক হয়ে আছে। তাই সেচ দিলেও পানি দ্রুত শুষে নিচ্ছে। ফলে পানির অভাবে পাটগাছ ঠিকমতো খাদ্য গ্রহণ করতে পারছে না। এ জন্য পাটগাছের উচ্চতা ছোট-বড় হচ্ছে। এতে উৎপাদন কম হবে। আগামী সাত-আট দিনের মধ্যে বৃষ্টি হলে তিন ফুটের উঁচু গাছগুলো সতেজ হয়ে উঠবে এবং মাকড়ের আক্রমণ থাকবে না।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নড়াইলের উপপরিচালক ছবিহরি দাস বলেন, পাটের দাম কম হওয়ায় কৃষক সেচও দিচ্ছেন না। লোহাগড়া উপজেলার বিষয়টি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দ্রুত জানানো হবে।