খরায় হাকালুকিপারের এক হাজার হেক্টর জমির ধান নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় হাকালুকি হাওরপারে এবার বোরো ধানের ফলন ভালো হয়েছে। তবে দীর্ঘ খরায় সেচের অভাবে কয়েকটি এলাকায় প্রায় এক হাজার হেক্টর জমির ধান নষ্ট হয়ে গেছে।কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এবার উপজেলার পাঁচ হাজার ৩৫০ হেক্টর জমিতে উচ্চফলনশীল (উফশী) এবং স্থানীয় জাতের বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে বেশির ভাগ জমি পড়েছে সদর জায়ফরনগর ও পশ্চিম জুড়ী ইউনিয়নের হাকালুকি হাওরপারে।গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, হাকালুকিপারের বিভিন্ন খেতের ধান পেকেছে। লোকজন দল বেঁধে ধান কাটছেন। অনেকে কাঁধে করে ধানের আঁটি নিয়ে বাড়ির পথে ছুটছেন। ধান কাটার কাজ তদারকিতে ব্যস্ত সদর জায়ফরনগর ইউনিয়নের কানকইরচক গ্রামের খুরশীদ আলী বলেন, ‘পাঁচ কিয়ারে (বিঘা) খেত করছি। ফসল ভালা অইছে।’ গোবিন্দপুরের আবদুর রহমান নিজের খেত দেখিয়ে বলেন, ‘১৫ কিয়ারে খেত করছি। খরায় বারো আনাই (শতকরা ৭৫ ভাগ) নষ্ট করিলাইছে। সময়মতো সেচর লাগি সামান্য পানিও পাইছি না।’ এলাকাবাসী জানান, শুষ্ক মৌসুমে হাকালুকিপারের বোরো ধানের খেতে সেচসুবিধার জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের উদ্যোগে ২০১০-১১ অর্থবছরে ভরাট হয়ে যাওয়া ‘হযরত শাহ্ খাকী (রহ.) খালের’ প্রায় তিন কিলোমিটার জায়গা পুনঃখনন করা হয়। ওই খালটি জুড়ী নদীর শাখা কণ্ঠিনালা নদীর সঙ্গে যুক্ত। এ ছাড়া সেচসুবিধার জন্য পানি জমিয়ে রাখতে কণ্ঠিনালা নদীতে ২০০৬ সালের দিকে রাবার বাঁধ প্রকল্প চালু করা হয়। এলাকাবাসীর অভিযোগ, খালের বিভিন্ন স্থানে লোকজন মাটি ফেলে রাস্তা নির্মাণ করেছে। এ ছাড়া সময়মতো রাবার বাঁধ উঁচু করা ও জুড়ী নদীর হিনাইনঘাট এলাকায় অস্থায়ী বাঁধ নির্মাণ করা হয়নি। এসব কারণে কণ্ঠিনালা ও জুড়ী নদীতে পর্যাপ্ত পানি জমেনি। ফলে শাহ খাকী, কাটানালা খালসহ ওই দুটি নদীর সঙ্গে যুক্ত অন্যান্য খাল দিয়ে হাকালুকিপারে পানি ঢুকতে পারেনি। এ অবস্থায় ভরা মৌসুমে সেচসুবিধা পাওয়া যায়নি।সদর জায়ফরনগর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা পীযূষ কান্তি দাশ ও পশ্চিম জুড়ী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা তৈয়ব আলী জানান, খরায় জায়ফরনগরের শাহপুর, গোবিন্দপুর, দীঘলবাক, ভুয়াই, নিশ্চিন্তপুর, হেকিমপুর, রাজাপুর ও কানকইরচক এবং পশ্চিম জুড়ীর তালতলা, খাকটেকা ও কালনীগড়ের প্রায় এক হাজার হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মীর বজলুর রশীদ বলেন, ‘খরায় কিছু ক্ষতি হলেও বোরো ধানের এবার ভালো ফলন হয়েছে।’