খর্বাকৃতির বলে কি চাকরি হবে না?
শাহানারা খাতুনের উচ্চতা ৪৫ ইঞ্চি। তিনি রাজশাহী কলেজ থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর (মাস্টার্স) পাস করেছেন। মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সরকারি-বেসরকারি বেশ কয়েকটি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কিন্তু কোথাও চাকরি হয়নি।
শাহানারা প্রথম আলোকে বলেন, তিনি তো আর প্রতিরক্ষা কিংবা পুলিশ বাহিনীতে চাকরির জন্য আবেদন করছেন না, তাহলে তাঁর উচ্চতা নিয়ে কেন এমন সমস্যা হবে? এ ছাড়া প্রতিবন্ধীর কোটাও তো আছে। প্রতিবন্ধী হিসেবে তাঁর সমাজসেবা অধিদপ্তরের সনদও আছে। এরপরও কেন তাঁর সঙ্গে এমন আচরণ করা হয়! খর্বাকৃতির বলে কি তাঁর চাকরি হবে না?
শাহানারার (৩২) বাড়ি রাজশাহীর তানোর উপজেলার পারিশো গ্রামে। তিনি ২০০৬ সালে রাজশাহী কলেজ থেকে সামাজিক বিজ্ঞানে স্নাতকোত্তর, ২০০৪ সালে তানোর ললিত মোহন ডিগ্রি কলেজ থেকে স্নাতক (বিএ) পাস করেন।
শাহানারা বলেন, গত রোববার প্রকাশিত সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছেন তিনি। এর আগেও দুবার একই পদে উত্তীর্ণ হন। একবার প্রধান শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। এ ছাড়া বেসরকারি কলেজ ও উচ্চবিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়েছেন। কয়েকটি বেসরকারি সংস্থায় (এনজিও) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কিন্তু মৌখিক পরীক্ষা দিতে গেলে তাঁকে দেখেই বোর্ডের সদস্যদের কেউ কেউ মুখের ওপর বলে দেন ‘আনফিট’।