খলিলুর রহমান কলেজে ছাত্রলীগের ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজে হামলা-ভাঙচুর চালিয়েছেন ছাত্রলীগের কর্মীরা। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
কলেজে একাদশ শ্রেণিতে দলীয় কোটায় কম টাকায় শিক্ষার্থী ভর্তি করাতে রাজি না হওয়ায় এ হামলা চালানো হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা গেছে, একাদশ শ্রেণিতে ভর্তি শুরু হওয়ার আগেই কলেজ ছাত্রলীগের নেতারা তাঁদের দলীয় কোটায় ৪০ জনকে বিনা টাকায় ভর্তি করানোর দাবি করে কলেজ কর্তৃপক্ষের কাছে। এ নিয়ে কয়েক দিন ধরে কর্তৃপক্ষের সঙ্গে ছাত্রলীগ নেতাদের দর-কষাকষি চলছে।
সর্বশেষ গত রোববার অধ্যক্ষ নাজিম উদ্দিন ছাত্রলীগ নেতাদের দাবি অনুযায়ী বিনা টাকায় শিক্ষার্থী ভর্তি করা সম্ভব নয় বলে জানিয়ে দেন। পাশাপাশি শিক্ষা বোর্ড ও অন্যান্য খাতের ফি বাবদ এক হাজার ৮০০ টাকা দিয়ে তাদের (ছাত্রলীগের) ২০ জনকে ভর্তির সুযোগ দিতে রাজি হন। কিন্তু নেতারা পাঁচজন কমিয়ে ৩৫ জনকে ভর্তির সুযোগ দিতে চাপ সৃষ্টি করেন।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রলীগ নেতারা তাঁদের দলীয় কর্মী-সমর্থক পরিচয় দিয়ে শিক্ষার্থীদের ভর্তি করতে ক্যাম্পাসে যান। একপর্যায়ে তাঁরা অফিসকক্ষে গিয়ে ভর্তি কাজে নিয়োজিত শিক্ষকদের তাঁদের দাবি অনুযায়ী ছাত্র ভর্তির দাবি জানান। কিন্তু কর্তব্যরতরা নেতাদের দাবি অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করতে রাজি না হওয়ায় ভাঙচুর শুরু করেন কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগ কর্মীরা এ সময় গ্রন্থাগার ও পিয়নদের বসার কক্ষের দরজা এবং ভেতরের আসবাবপত্র ভাঙচুর করেন। এ ছাড়া অধ্যক্ষের কক্ষের দরজারও ক্ষতিসাধন করেন। হামলা-ভাঙচুরে আতঙ্কিত হয়ে এ সময় ভর্তি হতে আসা সাধারণ শিক্ষার্থীরাও দিগ্বিদিক ছোটাছুটি করে।
ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য সালেহ আহম্মদ প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের নেতারা তাঁদের দলের কিছু কর্মীকে কম টাকায় ভর্তি করানোর জন্য দাবি করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে কিছুসংখ্যক ছাত্র উত্তেজিত হয়ে কয়েকটি পুরোনো কাঠের দরজার সামান্য ক্ষতি করে।’
হামলা-ভাঙচুরের কথা অস্বীকার করেন কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম। প্রথম আলোর কাছে তিনি দাবি করেন, দুজন গরিব শিক্ষার্থীকে কম টাকায় ভর্তি করানোর অনুরোধ করলে শিক্ষকেরা না শোনায় এ নিয়ে সামান্য কথা-কাটাকাটি হয়েছে। নিজে কিংবা দলের কেউ ভর্তি-বাণিজ্যের সঙ্গে যুক্ত নেই বলেও দাবি করেন সাইফুল।
অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের কর্মীরা তাদের কিছুসংখ্যক ছেলেকে ভর্তি করানোর দাবি করেছিল। তিনি অসুস্থ হওয়ায় চিকিৎসার কাজে ঢাকায় চলে আসেন। গতকাল দু্পুরে কলেজ থেকে তাঁকে ক্যাম্পাসে হামলা-ভাঙচুরের ঘটনাটি জানানো হয়েছে। ফিরে গিয়ে এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেবেন।’