খলিলের আজীবন চিকিত্সার ভার নিলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিশিষ্ট অভিনেতা খলিল উল্লাহ খানের আজীবন চিকিত্সার ব্যয়ভার নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১২ প্রদান অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। খলিল উল্লাহ খানকে এ বছর আজীবন সম্মাননায় ভূষিত করা হয়।

শেখ হাসিনা বলেন, ‘চলচ্চিত্রশিল্পীরা আমাদের সারা জীবন আনন্দ দেন। অথচ শেষ বয়সে অনেকে অভাবের কারণে চিকিত্সা নিতে পারেন না। এ জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। অবশ্য এ জন্য আরও করণীয় আছে।’ তিনি বলেন, ‘পত্রিকায় কোনো শিল্পীর অসুস্থতার খবর এলে আমি নিজে খোঁজ নিই। লোক পাঠাই। খলিল সাহেব দীর্ঘদিন আমাদের বিনোদন দিয়েছেন। চলচ্চিত্রের জন্য কাজ করেছেন। কিন্তু তিনি এখন অসুস্থ। আমি আজীবন তাঁর চিকিত্সার দায়িত্ব নিলাম।’ প্রবীণরা পথ দেখাবেন, নবীনরা এগিয়ে আসবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘চলচ্চিত্র মানুষের মনে প্রভাব ফেলে। এমন চলচ্চিত্র নির্মাণ করতে হবে, যেখানে আমাদের কৃষ্টি-কালচার থাকে, সেটা দেখে যেন যুবসমাজ বিপথগামী না হয়।’ তিনি বলেন, ‘আমাদের চলচ্চিত্র নির্বাক থেকে সবাক, এখন ডিজিটাল যুুগে এসেছে। এর পরও চলচ্চিত্রের আরও আধুনিকায়ন প্রয়োজন। আমরা এফডিসির উন্নয়নের জন্য কিছু পদক্ষেপ নিয়েছি। কিছু কার্যকর হয়েছে। অনেক কিছু বাকি আছে। আশা করি সেগুলো খুব দ্রুত বাস্তবায়ন হবে।’


তথ্যমন্ত্রীকে নির্দেশ
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের সিনেমা হলগুলোর উন্নয়ন প্রয়োজন। এ জন্য ঢাকা ও এর বাইরের সিনেমা হল মালিকদের কিছু সহযোগিতা প্রয়োজন। সেখানে যেন পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্যের ডিজিটাল সিনেমা দেখানো যায়, তার ব্যবস্থা করা প্রয়োজন। আমার সঙ্গেও হল মালিকরা বৈঠক করেছেন।’ হলগুলোর উন্নয়নের জন্য মালিকদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তথ্যমন্ত্রীকে নির্দেশ দেন তিনি। নতুন সিনেপ্লেক্স নির্মাণের জন্য কর অব্যাহতি দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমত উল্লাহ, তথ্যসচিব মর্তুজা আহমেদসহ চিত্রজগতের তারকারা।