খসড়া শিক্ষা আইনের সংশোধন দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি খসড়া শিক্ষা আইনের কয়েকটি ধারার সংশোধনের দাবি তুলেছে। এ বিষয়ে সমাধান চেয়ে সংগঠনটি গত সোমবার প্রধানমন্ত্রীর বরাবর চিঠি পাঠিয়েছে।
সমিতির মহাসচিব মো. মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা জানি সরকার শিক্ষকদের মর্যাদা রক্ষার ব্যাপারে সচেষ্ট। সে কথা মাথায় রেখেই আমরা মাধ্যমিক শিক্ষার গতিশীলতা বজায় রাখার স্বার্থে খসড়া শিক্ষা আইনের কিছু সংশোধনসহ আরও কিছু প্রস্তাবনা তুলে ধরেছি প্রধানমন্ত্রীর কাছে।’
সহকারী শিক্ষক সমিতির নেতারা তাঁদের চিঠিতে বলেছেন, খসড়া শিক্ষা আইনে কর্তৃপক্ষ বলতে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উল্লেখ নেই। যা শিক্ষানীতি ২০১০-এর সঙ্গে সাংঘর্ষিক।
সরকার ঘোষিত শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল বাস্তবায়ন না করে প্রাইভেট টিউশন ও কোচিং বন্ধ করে দেওয়ার বিধান চালু হলে সমস্যা তৈরি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয় চিঠিতে।
সহকারী শিক্ষক সমিতির নেতারা তাঁদের প্রস্তাবনায় সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষকের পদ প্রথম শ্রেণীর গেজেটেড পদমর্যাদায় বাস্তবায়নের দাবি জানান।