খসরু, নাছির, শাহাদাতসহ ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার মামলায় চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, নগর জামায়াতের আমির আ ন ম শামসুল ইসলামসহ বিএনপি-জামায়াতের ৫৮ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। গতকাল বুধবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্রটি জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার উপপরিদর্শক মনির হোসেন।
চকবাজার থানার ওসি আজিজ আহমেদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, চকবাজার থানায় করা একটি নাশকতার মামলায় নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, নগর বিএনপির সহসভাপতি শামসুল আলম, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, নগর জামায়াতের আমির আ ন ম শামসুল ইসলাম, নায়েবে আমির আহসান উল্লাহ, জামায়াত নেতা শাহজাহান চৌধুরীসহ ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে আদালতে। মামলার আসামিরা সবাই বিএনপি ও জামায়াতের নেতা-কর্মী। মামলায় ৯৫ জনকে সাক্ষী রাখা হয়েছে। মামলা একটি হলেও তিনটি ধারায় ৫৮ আসামির বিরুদ্ধে পৃথক তিনটি অভিযোগপত্র দেওয়া হয়েছে। ভাঙচুর আইন, বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে অভিযোগপত্রগুলো দেওয়া হয়।
ওসি জানান, ২০১৩ সালের ২৭ নভেম্বর বিরোধীদলীয় জোটের অবরোধ চলাকালে নগরের চকবাজার থানার চট্টেশ্বরী এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই দিনই বিএনপি ও জামায়াতের ৬৬ জনের বিরুদ্ধে চকবাজার থানার উপপরিদর্শক শিবেন বিশ্বাস বাদী হয়ে মামলা করেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, আদালতে অভিযোগপত্রটি গ্রহণের শুনানির দিন ধার্য হয়নি।