প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রথম কবরে গতকাল রোববার পৃথকভাবে ফাতেহা পাঠ করেছে ও ফুল দিয়েছে চট্টগ্রাম বিএনপির দুই পক্ষ। একটি পক্ষের নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। তাঁর সঙ্গে অন্যদের মধ্যে ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী এম মঞ্জুর আলম। দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের অনুসারী বলে পরিচিত অংশ পৃথকভাবে রাঙ্গুনিয়ায় গিয়ে জিয়াউর রহমানের প্রথম কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।দলীয় সূত্র জানায়, জিয়াউর রহমানের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমীর খসরু মেয়র প্রার্থী মঞ্জুরসহ দলীয় নেতা-কর্মীদের নিয়ে বেলা সোয়া ১২টায় রাঙ্গুনিয়ায় যান। তাঁরা কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও ফাতেহা পাঠ করেন। এ সময় মহানগর বিএনপির সহসভাপতি শামসুল আলম, দস্তগীর চৌধুরী ও আবু সুফিয়ান এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন তাঁদের সঙ্গে ছিলেন।শ্রদ্ধা জানানোর পর মঞ্জুর সাংবাদিকদের বলেন, ‘আমার খুব ভালো লাগছে। শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরের ৪১টি ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেলাম।’ তিনি বলেন, জনগণ কর্মকে প্রাধান্য দেবে। গত ১৭ বছরে সিটি করপোরেশনে কী হয়েছে, জনগণের প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে তা নগরবাসী জানে। তিনি আরও বলেন, ‘বিএনপিতে কোনো বিরোধ নেই। সব নেতা-কর্মী ঐক্যবদ্ধ হয়ে আমার পক্ষে কাজ করছে।’শ্রমিক দল ও যুবদলের ব্যানারে নগরের লালদীঘি মাঠ থেকে বিশাল গাড়ির বহর নিয়ে নোমানের অনুসারীরা বেলা সোয়া ১১টার দিকে রাঙ্গুনিয়ায় যান। তাঁরা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও ফাতেহা পাঠ করেন। এই অংশের নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রমবিষয়ক সম্পাদক এম নাজিম উদ্দিন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি আবুল হাশেম প্রমুখ।