চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ অর্ধশত নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের হওয়া ছয়টি মামলায় জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার মহানগর হাকিম আদালতসমূহে হাজির হয়ে নেতা-কর্মীরা আবেদন করলে শুনানি শেষে বিচারক অভিযোগপত্র দাখিল হওয়া পর্যন্ত জামিনের মেয়াদ বর্ধিত করেন।
আসামিপক্ষের আইনজীবী কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত নভেম্বর-ডিসেম্বর মাসে হরতাল-অবরোধে নগরের কোতোয়ালি থানা, আকবর
শাহ থানা ও চকবাজার থানায় দায়ের হওয়া দ্রুত বিচার আইনে দায়ের হওয়া দুটিসহ ছয়টি মামলায় আসামিরা মুখ্য মহানগর হাকিম ও হাকিম আদালতসমূহে হাজির হয়ে জামিনের মেয়াদ বর্ধিত করার আবেদন করেন। শুনানি শেষে বিচারক অভিযোগপত্র দাখিল হওয়া পর্যন্ত তাঁদের জামিনের মেয়াদ বাড়ান।
নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ বলেন, ‘পাঁচ মামলায় নগর যুবদলের সভাপতি কাজী বেলাল ও আমি আসামি। এ ছাড়া খসরু ও শাহাদাত ভাইও আসামি রয়েছেন। আমরা আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।’