খসে পড়ছে পলেস্তারা আতঙ্কে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি সরকারি কলেজের ১০৬ নম্বর কক্ষের সামনে দাঁড়িয়ে ছিলেন কয়েকজন শিক্ষার্থী। হঠাৎ ছাদ থেকে বিশাল আকৃতির পলেস্তারা খসে পড়ে। অল্পের জন্য রক্ষা পান তাঁরা। গতকাল শনিবার বেলা সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র আবদুস সালাম জানান, মাত্র ছয় ইঞ্চি থেকে এক ফুট দূরত্বে পলেস্তারা খসে পড়ে। এ রকম ঘটনা কলেজে প্রায়ই ঘটছে।
ছাত্রছাত্রীরা জানান, সব সময় ভয়ের মধ্যে ক্লাস করতে হয়। কলেজ ভবন সংস্কার বা পুনর্নির্মাণ করা না হলে ক্লাস বর্জনসহ সড়ক অবরোধের মতো কর্মসূচি দেওয়া হবে।
কলেজের অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা বলেন, ‘রাঙামাটির এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নেই যাঁদের কলেজ ভবনের ভগ্নদশার কথা বলিনি। কিন্তু কিছুই হচ্ছে না। বড় কোনো দুর্ঘটনা না ঘটলে মনে হয় কারও টনক নড়বে না।’
সরেজমিনে দেখা গেছে, দ্বিতল কলেজ ভবনে এমন কোনো কক্ষ নেই যেখানে পলেস্তারা খসে পড়েনি। কয়েকটি কক্ষের দেয়াল ও ছাদের পলেস্তারা খসে লোহার রড বেরিয়ে আছে, কোথাও জানালার কাঠ ভেঙে গেছে। দেখে মনে হয় এটি কোনো পরিত্যক্ত ভবন।
শিক্ষকেরা জানান, কিছুদিনের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলাকালীন কোনো পরীক্ষার্থীর মাথার ওপর পলেস্তারা খসে পড়লে দুর্ঘটনার দায় নেবে কে?
কলেজ সূত্রে জানা গেছে, ১৯৬৪ সালে রাঙামাটি সরকারি কলেজ ভবন নির্মাণের পর বড় ধরনের কোনো সংস্কার হয়নি।