খসে পড়ছে শহীদদের নাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময় সিলেটের টিলাগড় এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনী প্রথম প্রতিরোধের মুখে পড়েছিল। আগরতলা ষড়যন্ত্র মামলায় চাকরিচ্যুত হওয়া ক্যাপ্টেন (অব.) আবদুল মুত্তালিব এখানে একাই গড়ে তুলেছিলেন প্রতিরোধ। অসীম সাহসী মুত্তালিবের বুদ্ধি ও কৌশলের কারণে তখন দুই পাকিস্তানি সেনা নিহত হয়েছিল।
‘টিলাগড় প্রতিরোধ যুদ্ধ’ হিসেবে পরিচিত ওই ঘটনার ৩৪ বছর পর ২০০৫ সালে ওই টিলাগড় এলাকায় গণপূর্ত বিভাগের উদ্যোগে নির্মাণ করা হয়েছিল ‘সিলেট জেলা শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা’ সংবলিত একটি স্মৃতিফলক। তবে নির্মাণের পর আর কোনো দেখভাল না করায় অনেকটা অযত্ন আর অবহেলায় খসে পড়ছে মার্বেল পাথরখচিত শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা।
গতকাল রোববার সরেজমিনে দেখা গেছে, ১২টি মার্বেল পাথরখচিত প্লেটের মধ্যে জেলার শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা স্মৃতিফলকে স্থান পেয়েছিল। এরই মধ্যে চার বছর ধরে মার্বেল পাথরগুলো খসে পড়তে থাকে। বর্তমানে মার্বেল পাথরের পাঁচটি প্লেটই খসে পড়েছে। দীর্ঘদিন ধরে এসব পাথর খসে পড়লেও গণপূর্ত বিভাগ স্মৃতিসৌধটি পুনঃসংস্কারের কোনো উদ্যোগই নেয়নি।
টিলাগড় এলাকার বাসিন্দা মৃদুল কান্তি দাশ বলেন, নির্মাণের কয়েক বছর না পেরোতেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের নামের তালিকা খসে পড়তে শুরু করেছিল। এ অবস্থা দীর্ঘদিন ধরে চললেও সংস্কারের কোনো উদ্যোগ নেই। বিষয়টি খুবই দুঃখজনক। সিলেট এমসি কলেজের শিক্ষার্থী খায়রুল হক বলেন, ‘আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের পাশেই স্মৃতিফলকটির অবস্থান। এটি দেখে জেলার শহীদদের নাম জানার সুযোগ শিক্ষার্থীদের রয়েছে। তাই আসছে বিজয়ের মাস ডিসেম্বরের আগেই স্মৃতিফলকটি পুনঃসংস্কার করা উচিত।’
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডের কমান্ডার ভবতোষ রায় বর্মণ বলেন, ‘এটি শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতির প্রতি অবমাননার শামিল। দ্রুত স্মৃতিসৌধটি সংস্কার করা উচিত। যেসব শহীদের নামের তালিকা খসে পড়েছে, সেগুলো পুনঃস্থাপন করা প্রয়োজন।’
গণপূর্ত বিভাগ সিলেটের নির্বাহী প্রকৌশলী এ এম জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, ‘স্মৃতিফলক থেকে শহীদদের নামের তালিকা খসে পড়ার বিষয়টি আমরা জেনেছি। দ্রুতই এটি সংস্কার করা হবে।’