খসে পড়ল বইয়ের পাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরের প্রথম দিন বই হাতে পেয়ে আনন্দে বাড়ির দিকে ছুটল একদল শিশু। কয়েক কদম যেতেই কয়েকজনের হাতে থাকা বইয়ের পাতা খসে পড়ল। এদের মধ্যে দ্বিতীয় শ্রেণির ছাত্রী জেসমিন বইয়ের পাতা তুলতে গিয়ে কেঁদে ফেলে। নতুন বই পাওয়ার আনন্দ যেন নিমেষেই ম্লান হয়ে যায়।
ঠাকুরগাঁও সদর উপজেলার আরাজী কৃষ্টপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। সঠিকভাবে বই বাঁধাই না হওয়ায় এমনটি ঘটেছে বলে দাবি করেছেন শিক্ষক ও অভিভাবকেরা।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলায় গতকাল প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে ৯ লাখ ১৩ হাজার ১৯৮টি বই বিতরণ করা হয়। এসব পাঠ্যপুস্তকের বাঁধাই মানসম্মত নয় বলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অভিযোগ করেছেন।
জেসমিন বলে, ‘বইয়ের পাতা ছেঁড়া থাকলে, তা নতুন কীভাবে হয়?’ পাশে দাঁড়িয়ে থাকা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জাহিদ হাসান বলে, আরও অনেকের বাংলা, ইংরেজি, গণিত বইয়ের পাতাও এভাবে খসে গেছে।
বাঁধাই খুলে যাওয়া একটি বই নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করেন আমিনা বেগম নামের এক অভিভাবক। পরে প্রধান শিক্ষক তাঁকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেন। প্রধান শিক্ষক নাজমুন নূর বলেন, বিষয়টি এখনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়নি।
সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন বলেন, সরবরাহ করা সব বই যাচাই করা সম্ভব হয়নি। সমস্যা পেলে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানাতে শিক্ষকদের নির্দেশনা দেওয়া আছে। তাঁদের অভিযোগ পেলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।