খসে পড়ছে টেরাকোটা
অধিগ্রহণের ৩৫ বছর পরও রাজশাহীর পুঠিয়া জমিদারবাড়ির দখল বুঝে নেয়নি প্রত্নতত্ত্ব বিভাগ। এদিকে লস্করপুর ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ বাড়িটি তাদের নিয়ন্ত্রণে রেখে ব্যবহার করে আসছে। ফাটল ধরা ঝুঁকিপূর্ণ এই বাড়িতে জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা লেখাপড়া করছে। একই রকম ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাফেরা করছেন শিক্ষক-কর্মচারীরা। দীর্ঘদিন ব্যবহারে জরাজীর্ণ হয়ে পড়ছে জমিদারবাড়িটি। খসে পড়ছে এর টেরাকোটা ও পলেস্তারা।পুঠিয়া পর্যটন নগর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক নূরুল আমিন জানান, পুঠিয়া জমিদারবাড়িটি পাঁচ আনা ও চার আনা, এই দুই অংশে বিভক্ত ছিল। দুটি অংশেই ছিল দুটি রাজপ্রাসাদ। ৩৬ একর জমি নিয়ে পাঁচ আনার জমিদারবাড়ির আঙিনা। এককালে বাড়িটির আঙিনার মধ্যে কারুকার্যখচিত ১৯টি মন্দির ছিল। পরিচর্যার অভাবে নয়টি মন্দির ধ্বংস হয়ে গেছে। এখনো অটুট আছে ১০টি। এখানেই রয়েছে স্থাপত্যশৈলীতে অপরূপ একটি শিবমন্দির। জমিদারবাড়ির নিরাপত্তার জন্য চারপাশে ৩০ একর পরিখা খনন করা আছে। রয়েছে ছয় একর আয়তনের একটি শ্যামসাগর। পাশেই রয়েছে ২২ দশমিক ৯৪ একর জমি নিয়ে চার আনার আঙিনা। প্রতিদিন দেশি-বিদেশি তিন শতাধিক পর্যটক এখানে আসেন। কিন্তু অযত্ন-অবহেলায় এবং সংস্কারের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে এই অমূল্য প্রত্নসম্পদ। প্রত্নতত্ত্ব বিভাগ সূত্রে জানা গেছে, জমিদারবাড়িটি ১৯৭৫ সালে তারা অধিগ্রহণ করে। কিন্তু তারা এখনো এর দখল বুঝে পায়নি। টেরাকোটার নকশাসমৃদ্ধ এই বাড়িতে ১৯৭৩ সালে স্থানীয় লোকজন লস্করপুর মহাবিদ্যালয় নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান চালু করে। সেটিই এখন লস্করপুর ডিগ্রি কলেজ।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, এখনো বাড়ির দেয়ালে লস্করপুর ডিগ্রি কলেজের সাইনবোর্ড ঝুলছে। নকশাখচিত পলেস্তারার প্রায় সবই খসে পড়েছে। দেয়াল ও ছাদের অনেক জায়গায় ফাটল ধরেছে। ছাদের ওপর গজিয়েছে পাইকড়গাছ। শিকড় ঢুকে ফাটল ধরেছে দেয়ালে। এরই মধ্যে চলছে কলেজের পাঠদান। সম্প্রতি প্রত্নতত্ত্ব বিভাগ বাড়িটির সামনের পিলারগুলোয় কিছু সংস্কার কাজ করেছে। নূরুল আমিন জানান, পুঠিয়া জমিদারবাড়িকে ঘিরে পর্যটন নগর গড়ে তোলার অপার সম্ভাবনা রয়েছে। ৩৫ বছর আগে প্রত্নতত্ত্ব বিভাগ বাড়িটির মালিকানা পেলেও দখল নিতে পারেনি। দুর্ভাগ্যজনকভাবে এই অমূল্য প্রত্নসম্পদ একটি কলেজের কার্যালয় ও শ্রেণীকক্ষ হিসেবে ব্যবহার করা হচ্ছে। অবিলম্বে জমিদারবাড়িটি দখলমুক্ত করে সংস্কার করা উচিত বলে মন্তব্য করেন তিনি। প্রত্নতত্ত্ব বিভাগের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল আলম প্রথম আলোকে বলেন, ‘জমিদারবাড়িটি কলেজ কর্তৃপক্ষ অবৈধভাবে ব্যবহার করছে। আমরা এটা নেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দিয়েছি। অধ্যক্ষ উল্টো তাঁর কলেজের ভবন তৈরির টাকা চান। এটা প্রত্নতত্ত্ব বিভাগ দেবে না। আর তাঁরা না ছাড়লে আমরা কোনো পদক্ষেপ নিতে পারি না।’ লস্করপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম প্রথম আলোকে জানান, তাঁরা কলেজ হিসেবে ব্যবহার করছেন বলেই বাড়িটা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব হয়েছে। অনেক ফাটল তাঁরা নিজেরাই মেরামত করেছেন। কলেজের নতুন ভবন তৈরি করতে পারলে তাঁরা জমিদারবাড়িটা ছেড়ে দেবেন বলে জানান অধ্যক্ষ। কলেজের শিক্ষক রবিউল ইসলাম বলেন, ‘আমরা জমিদারবাড়িতে আর থাকতে চাই না। আমরা জানি, যেকোনো সময় আমরা “জগন্নাথ হল ট্র্যাজেডি”র মতো দুর্ঘটনার শিকার হতে পারি। কিন্তু কলেজের নতুন ভবনে স্থান সংকুলান না হওয়ায় বাধ্য হয়ে জমিদারবাড়িতে থাকতে হচ্ছে। আমাদের যাওয়ার জায়গা হলেই চলে যাব।’ প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক শফিকুল ইসলাম বলেন, ‘এই জমিদারবাড়িকে নিয়ে আমাদের একটি বড় পরিকল্পনা রয়েছে। সেটি বাস্তবায়ন করতে তিন বছর সময় লাগবে।’ বাড়িটি এখনো কলেজের নিয়ন্ত্রণে থাকার ব্যাপারে তিনি বলেন, ‘কলেজ কর্তৃপক্ষ আর আগের অবস্থানে নেই। তারা ছেড়ে দেওয়ার ব্যাপারে নীতিগতভাবে রাজি হয়েছে। এখন আমরা বড় একটা বাজেট পেলেই সংস্কারের কাজে হাত দেব।’