খসে পড়ছে পলেস্তারা, ছাদ চুইয়ে পড়ে বৃষ্টির পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবনের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। সেই সঙ্গে পড়ছে বৃষ্টির পানিও। পলেস্তারা ও বৃষ্টির পানি থেকে রক্ষা পেতে টানানো হয়েছে কাপড়। এর মধ্যেই চলছে ঝালকাঠির রাজাপুর উপজেলা ভূমি কার্যালয়ের কার্যক্রম।কার্যালয়ের কর্মচারীরা জানান, কার্যালয়ের ১৫টি পদের মধ্যে পাঁচটি দীর্ঘদিন ধরে শূন্য। উপজেলা ভূমি অফিসের প্রধান কর্মকর্তা সহকারী কমিশনারের (ভূমি) পদটি ২০০৩ সালের ৮ অক্টোবর থেকে শূন্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতিরিক্ত দায়িত্ব হিসেবে এ পদে কাজ চালিয়ে যাচ্ছেন। কানুনগো পদটি ২০০৯ সালের জুলাই থেকে শূন্য। এ ছাড়া অফিস সহকারীর দুটি এবং জারিকারকের একটি পদ দীর্ঘদিন ধরে শূন্য।সরেজমিনে দেখা গেছে, ২০ বছর আগে নির্মিত একতলা ওই ভবনটি জরাজীর্ণ। ছাদ থেকে মাঝেমধ্যে খসে পড়ছে ঢালাই ও পলেস্তারা। বৃষ্টির সময় ছাদ চুইয়ে পানি পড়ে। বৃষ্টির পানি এবং মাথায় পলেস্তারা খসে পড়ার হাত থেকে রক্ষা পেতে কর্মচারীরা ছাদের নিচে কাপড় টানিয়ে রেখেছেন।অফিস সহকারী আলমগীর হোসেন বলেন, ১৯৮৯-৯০ অর্থবছরে এ ভবন নির্মাণের পর থেকে এর সংস্কার করা হয়নি। ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ায় মূল্যবান দলিলপত্র ও অফিসের আসবাব পলিথিন দিয়ে ঢেকে রাখতে হচ্ছে। উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, সহকারী কমিশনার (ভূমি) ও কানুনগোর পদ দীর্ঘদিন শূন্য থাকায় উপজেলায় জমির নামজারি এবং ক্রয়-বিক্রয় কমে গেছে। এখানে নিয়মিত একজন সহকারী কমিশনার (ভূমি) থাকলে প্রতিবছর তিন থেকে সাড়ে তিন হাজার দলিল নিবন্ধন হতো; আর এখন হচ্ছে দেড় থেকে দুই হাজার। ইউএনও জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনের পাশাপাশি সহকারী কমিশনারের (ভূমি) অতিরিক্ত দায়িত্ব পালন করায় জনগণের কিছুটা সমস্যা হচ্ছে। ভূমি কার্যালয় সংস্কারের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে।জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস বলেন, ‘রাজাপুর উপজেলা ভূমি অফিস ও একাধিক তহশিল অফিস সংস্কারের জন্য আনুমানিক ব্যয় নির্ধারণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এটা সম্পন্ন হলেই মন্ত্রণালয়ে পাঠানো হবে।’