ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজের জসীমউদ্দীন হল নামের ছাত্রাবাসের একটি কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
একাধিক সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে হলের ৪০১ নম্বর কক্ষে ছাদের প্রায় দুই ফুট (বৃত্তাকার) অংশের পলেস্তারা খসে পড়ে। ওই কক্ষে মোট পাঁচজন শিক্ষার্থী থাকলেও তখন ছিলেন মাত্র একজন। ওই শিক্ষার্থী বলেন, ঘটনার সময় তিনি কক্ষে একা ছিলেন। হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়তে শুরু করে। তাৎক্ষণিক তিনি নিরাপদ স্থানে চলে যান। পরে পাশের কক্ষের আরও কয়েকজনকে নিয়ে এসে দেখেন, বিছানায় ও কক্ষের অনেকটা অংশজুড়ে পলেস্তারা পড়ে আছে।
খবর পেয়ে ছাত্রাবাসের ওই কক্ষে গিয়ে দেখা যায়, ছাদের ওই অংশে পলেস্তারা নেই। আরও কয়েকটি স্থানের পলেস্তারায় ফাটল ধরেছে।
বেলা তিনটার দিকে সরেজমিনে দেখা গেছে, জসীমউদ্দীন হলের ৪০২ ও ৪০৫ নম্বর কক্ষের ছাদেও বিভিন্ন স্থানে পলেস্তারায় ফাটল ধরেছে। কিছুদিন আগে কিছু অংশ খসেও পড়ে। শিক্ষার্থীরা জানান, হলের চারতলার বেশির ভাগ কক্ষের অবস্থা এ রকম। হলে ছাত্রলীগের কমিটি রয়েছে। শিক্ষার্থীদের যেকোনো সমস্যা কমিটির নেতারাই হোস্টেল সুপারকে জানান। পরে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘বিষয়টি আমি হোস্টেল সুপার স্যারকে জানিয়েছি।’
হোস্টেল সুপার নুরুল আফসার বলেন, ‘দুর্বল নির্মাণকাজের জন্য ছাত্রাবাসের ছাদগুলো বর্তমানে ঝুঁকিপূর্ণ।’