প্রতিদিনের মতো সকালে শ্রেণীকক্ষে গিয়ে বসে ছাত্ররা। এর কিছুক্ষণ পরে ছাদের দিকে তাকিয়ে আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় ঢাকার সাভারের ভবনধসের কথা মনে করে তারা কয়েকজন শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে পড়ে। দেখাদেখি স্কুলের অন্য ছাত্ররাও বেরিয়ে এসে চিৎকার জুড়ে দেয়। খবর পেয়ে ছুটে আসেন অভিভাবকেরাও। গতকাল বৃহস্পতিবার এ ধরনের ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় চট্টগ্রাম নগরের মোমিন রোড এলাকার কদম মোবারক সিটি করপোরেশন বালক উচ্চবিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান বলেন, স্কুল ভবনটি অনেক দিনের পুরোনো। তাই শ্রেণীকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছে। ছাত্ররা সাভারের ভবনধসের ঘটনার কথার মনে করে শ্রেণীকক্ষের বাইরে চলে আসে। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে গতকাল সব শ্রেণীর কার্যক্রম বন্ধ এবং আগামী এক সপ্তাহের জন্য বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। খোলার পরে নগরের চন্দনপুরায় করপোরেশনের গুল-এজার বেগম বালিকা উচ্চবিদ্যালয়ে শ্রেণীর কার্যক্রম চলবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম নিজামী বলেন, ‘আর মাত্র ১৫ দিন পরেই কদম মোবারক স্কুল ভবনটি ভেঙে ফেলার কথা ছিল।’