খসড়া থেকে কমিশন বাদ পড়ায় ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবন্ধী ব্যক্তির সুরক্ষা ও অধিকার আইন, ২০১৩-এর খসড়া মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন পেয়েছে। তবে খসড়া থেকে প্রতিবন্ধিতাবিষয়ক কমিশন গঠনের প্রস্তাবটি বাদ পড়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তি ও তাঁদের জন্য কর্মরত সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে আইনটি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। গত ১১ ফেব্রুয়ারি মন্ত্রিসভা আইনের খসড়াটিতে নীতিগত অনুমোদন দিয়েছে। বর্তমানে আইন মন্ত্রণালয় এটি ভেটিং (যাচাই-বাছাই) করছে। মন্ত্রিসভায় উত্থাপনের আগ পর্যন্ত খসড়ায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকারবিষয়ক একটি কমিশন গঠনের সুপারিশ ছিল। সচিব কমিটির সভায় কমিশন গঠনের বিষয়টি বাদ দেওয়া হয়। মন্ত্রিসভা খসড়াটি নীতিগতভাবে অনুমোদন করার পর প্রতিবন্ধী ব্যক্তি ও সংশ্লিষ্টরা এটি জানতে পারেন।সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এ কমিশন যাতে হয়, তা চাওয়া হয়েছিল। মূলত এ কমিশন গঠনের বিষয়টি নিয়েই বিভিন্ন জটিলতায় আইনটি প্রণয়নে অনেক দেরি হয়েছে। তবে সচিব কমিটি যুক্তি দেখিয়েছে, আইনে বিভিন্ন কমিটির কথা বলা আছে। তাই আলাদাভাবে কমিশন গঠনের প্রয়োজন নেই।এ খসড়া আইন প্রণয়ন উপকমিটির আহ্বায়ক জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবীর বলেন, ভবিষ্যতে আর কমিশন গঠন করাই যাবে না, তা নয়। নতুন একটি আইন করে এ কমিশন গঠনের সুযোগ এখনো আছে। বিভিন্ন পর্যায়ে কমিটি থাকায় আলাদা কমিশন গঠনের প্রয়োজন নেই, এ যুক্তি মানতে নারাজ প্রতিবন্ধী ব্যক্তি ও সংগঠনের প্রতিনিধিরা। তাঁরা বলছেন, ২০০১ সালে করা প্রতিবন্ধী কল্যাণ আইনেও জাতীয় সমন্বয় কমিটি, নির্বাহী কমিটি এবং জেলা কমিটি ছিল। ২৩টি ধারাসংবলিত ওই আইনের ১২টিই ছিল কমিটিগুলোর গঠন, দায়িত্ব, সভা এবং অন্যান্য বিষয়-সম্পর্কিত। কিন্তু সেসব কমিটি কাগজে-কলমেই ছিল, বাস্তবে এসব কমিটির কাছ থেকে প্রতিবন্ধীরা কোনো সুফল পাননি। অধিকারকর্মীরা সে জন্যই নতুন আইনে কমিশনের বিধান রাখার দাবি করছিলেন, যাতে কমিশনের কাছে অন্তত অভিযোগ করা যায়।জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি দৃষ্টিপ্রতিবন্ধী রজব আলী খান বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কমিশন গঠনের জন্য আলাদা আইনের কথা বলা যুক্তিযুক্ত নয়।প্রতিবন্ধী ফোরামের পরিচালক নাফিসুর রহমান বলেন, আইনের খসড়া অনুযায়ী, জাতীয় সমন্বয় কমিটির প্রধান সমাজকল্যাণমন্ত্রী। নির্বাহী কমিটির প্রধান মন্ত্রণালয়ের সচিব। তাঁদের কাছ পর্যন্ত পৌঁছানো খুব কম প্রতিবন্ধী মানুষের পক্ষেই সম্ভব। তাই একটি কমিশন থাকলে তাঁরা অপেক্ষাকৃত সহজে বিষয়গুলো উত্থাপন করতে পারতেন।নতুন আইনের খসড়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি বৈষম্য বা অপরাধ করলে অনধিক তিন বছরের কারাদণ্ড বা অনধিক পাঁচ লাখ টাকা অর্থ দণ্ড বা উভয় দণ্ডের কথা বলা হয়েছে। খসড়ার তফসিলে প্রতিবন্ধিতার ধরন, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা কার্যক্রম, সহায়ক সেবা ও পুনর্বাসন, শিক্ষা ও প্রশিক্ষণ, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে বলা আছে।